কাদিরের আত্মজীবনীটা হতো চমকপ্রদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনের নয় দিন আগেই চলে গেলেন আবদুল কাদির ছবি : এএফপি
জন্মদিনের নয় দিন আগেই চলে গেলেন আবদুল কাদির ছবি : এএফপি
>

হঠাৎ করেই পরপারে চলে গেলেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদির। মৃত্যুর আগে আত্মজীবনী লেখা শুরু করেছিলেন এই সাবেক তারকা। সে আত্মজীবনী আর শেষ হলো না!

আবদুল কাদিরের ক্যারিয়ার অনেক চমকপ্রদ ঘটনার সাক্ষী। কিন্তু সেই ঘটনাগুলো নিয়ে লেখা আনন্দময় একটা প্রকাশনা থেকে বঞ্চিত হলেন ক্রিকেটপ্রেমীরা। মৃত্যুর আগে আত্মজীবনী লেখার কাজে হাত দিয়েছিলেন তিনি। কিন্তু সেটি আর শেষ করে যাওয়া হলো না এই কিংবদন্তি লেগ স্পিনারের।

ছেলে সুলেমান কাদিরের বড় আক্ষেপ। লেখার কাজ নাকি প্রায় অর্ধেক সের ফেলেছিলেন তাঁর বাবা, ‘তিনি ১০০ পৃষ্ঠারও বেশি লিখে ফেলেছিলেন। আত্মজীবনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাঁর সাবেক সতীর্থ, প্রিয় বন্ধু ও বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ডাকার জন্য অনেক আগ্রহী ছিলেন। আর কয়েক মাসের মধ্যেই হয়তো সেই অনুষ্ঠানটা হতো। কিন্তু সেসব কিছুই হলো না।’

অনেক চমকপ্রদ ঘটনা দিয়ে নাকি কাদির সাজাচ্ছিলেন তাঁর আত্মজীবনী, শীর্ষ খেলোয়াড় হওয়ার জন্য তাঁকে কত কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছে, সে কাহিনি লিখেছিলেন তিনি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক চমকপ্রদ ঘটনার সাক্ষী ছিলেন তিনি। স্থান পেয়েছে সেগুলোও। ইমরান খানসহ পাকিস্তান দলের অন্য সতীর্থদের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল, সেটাও উল্লেখ করেছিলেন বইটায়।

এ ছাড়া শেন ওয়ার্নের সঙ্গে কাদিরের সাক্ষাৎ, ভারতের বিপক্ষে ম্যাচগুলোতে ঘটা বিভিন্ন মজাদার কাহিনি স্থান পেয়েছিল লেখায়। আর্থিক দীনতায় থাকার সময় কীভাবে নিজের সকালের নাশতা ও রাতের খাবার জোগাড় করতেন, সে নিয়েও বইয়ে বিস্তারিত লিখেছিলেন কাদির।

শুক্রবার হঠাৎ করেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কাদিরের। ব্যাপারটা খুবই আকস্মিক তাঁর পরিবারের কাছে। ছেলে সুলেমান জানিয়েছেন, তাঁর বাবার নাকি হৃদ্‌রোগ –সংক্রান্ত কোনো অসুস্থতাই ছিল না। বাবার এভাবে চলে যাওয়াটা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না ছেলে সুলেমান।