কাদের নাটকের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি পদে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সেটি মৌখিকভাবে প্রত্যাহার করে নিলেন মনজুর কাদের। ক্লাবের নির্বাহী কমিটি ও ফুটবল কমিটির যৌথ সভায় কাল তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। পদত্যাগপত্র ফিরিয়ে নিতে অনুরোধ করার আধঘণ্টার মধ্যেই তাতে সাড়া দিলেন এই সংগঠক।
এর আগে দুপুরে মনজুর কাদেরের অফিস ঘেরাও করেন ক্লাবের সমর্থকেরা। তখনই সিদ্ধান্ত হয় বিকেলে নির্বাহী কমিটি বসে তাঁকে ক্লাবের সভাপতি পদে থেকে যেতে অনুরোধ করবে। সেই অনুযায়ীই এগিয়েছে সবকিছু। কাল সন্ধ্যায় ক্লাবের ফুটবল কমিটির প্রধান আশরাফ উদ্দিন চুন্নু বললেন, ‘সমস্যার সমাধান হয়েছে। কাদের ভাই সিঙ্গাপুর যাওয়ার আগে বলে গেছেন, ঢাকা ফিরেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র ফিরিয়ে নেবেন।’
সব অনিশ্চয়তা মুছে এএফসি কাপে খেলার সিদ্ধান্তও নিয়েছে শেখ জামাল ক্লাব। নতুন দল গড়ার উদ্যোগ আরও গতিশীল করার কথাও বলছেন কর্মকর্তারা। এরই মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপভিত্তিক দুজন ফুটবলারকে আনা হয়েছে। এমন আরও কয়েকজন খেলোয়াড় এনে ‘চমক’ দিতে পারে তারা। দলবদলের বাজারে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে কয়েকজন খেলোয়াড়কে দলে আনার ব্যাপারেও আশাবাদী চুন্নু।
মামুনুল ইসলামসহ দলত্যাগী নয় খেলোয়াড়কে ফিরিয়ে দিতে বাফুফের কাছে পুরোনো দাবিটা আবারও জানিয়েছে শেখ জামাল। বাফুফে অবশ্য আগেই বলেছে, কোনো খেলোয়াড়কে ফিরিয়ে দেওয়া বা ক্লাবের হয়ে খেলতে বলার দায়িত্ব ফেডারেশনের নয়। একজন খেলোয়াড় কোথায় খেলবেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে চাপানউতোরের মধ্যেই বাফুফের সঙ্গে শেখ জামালের দ্বন্দ্ব তীব্রতর হয়ে উঠলে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন মনজুর কাদের।