কানপুরের মাঠকর্মীদের দ্রাবিড় দিলেন ৩৫ হাজার রুপি

মাঠকর্মীদের পুরস্কৃত করেন দ্রাবিড়ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথাকথিত তারকা ইমেজ দিয়ে রাহুল দ্রাবিড়কে বিচার করলে ভুল হয়। ভারতীয় কিংবদন্তি কথায় ও কাজে বাকিদের চেয়ে সব সময়ই একটু আলাদা।

কানপুর টেস্টে বিরাট কোহলিদের ড্রয়ের পর তেমনই এক প্রমাণ রাখলেন দ্রাবিড়। কানপুরে ‘স্পোর্টিং’ উইকেট তৈরি করায় মাঠকর্মীদের হাতে অর্থ পুরস্কার তুলে দিয়েছেন ভারতের এই প্রধান কোচ।

কানপুরে পাঁচ দিনই হাড্ডাহাড্ডি লড়েছে দুই দল। আজ পঞ্চম ও শেষ দিনে এসে জমে উঠেছিল লড়াই। ২৮৪ রানের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড আজ চা–বিরতির আগে ৪ উইকেটে ১২৫ রান তুলেছিল।

শেষ সেশনে কিউইদের ৫ উইকেটও তুলে নিতে পারলেও অলআউট করতে পারেনি ভারত। ৯ উইকেটে ১৬৫ রানে দিনের খেলা শেষ করে ভারতকে ড্র করতে বাধ্য করে নিউজিল্যান্ড। এই ম্যাচের পর কানপুরের গ্রিন পার্কে মাঠকর্মীদের প্রধান শিব কুমারের হাতে ৩৫ হাজার রুপি তুলে দেন কোহলিদের কোচ দ্রাবিড়।

ভারতের কোচ রাহুল দ্রাবিড়
ছবি: টুইটার

উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কানপুর স্টেডিয়ামের প্রেসবক্সে জানানো হয়, ‘আমরা একটি অফিশিয়াল বিবৃতি দিতে চাই। রাহুল দ্রাবিড় ব্যক্তিগতভাবে মাঠকর্মীদের জন্য ৩৫ হাজার রুপি দিয়েছেন।’ ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে।

ক্যারিয়ারজুড়েই পরিচ্ছন্ন ক্রিকেট খেলার জন্য প্রশংসিত হয়েছেন দ্রাবিড়। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলা এ কিংবদন্তি অবসর নেওয়ার পর নিজের আলাদা একটা ইমেজ তৈরি করেছেন, সেটি তাঁর কথাবার্তা, তাঁর কাজ দিয়েই। গ্রিন পার্কের এই উইকেট একেবারে স্পিনবান্ধব না বানিয়ে, সেটিকে স্পোর্টিং করায় মাঠকর্মীদের পুরস্কৃত করেন দ্রাবিড়।

কানপুরের উইকেটে ব্যাটসম্যানরা যেমন রান পেয়েছেন, তেমনি বোলাররাও পেয়েছেন উইকেটের দেখা। শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, উইল ইয়াংরা যেমন রান পেয়েছেন, তেমনি নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি ও কাইল জেমিসন মিলে শিকার করেছেন ১৪ উইকেট।

বাদ যাননি স্পিনাররাও। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। ৩ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসেও নেন ৩ উইকেট। রবীন্দ্র জাদেজা নেন ৪ উইকেট।