পাকিস্তানি ক্রিকেটাররা কানেরিয়ার সঙ্গে খেতে চাইতেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দানিশ কানেরিয়া। ছবি: এএফপি
দানিশ কানেরিয়া। ছবি: এএফপি
>দানিশ কানেরিয়াকে নিয়ে বোমা ফাটালেন শোয়েব আখতার। কানেরিয়ার ধর্মবিশ্বাসের কারণে পাকিস্তান জাতীয় দলের কিছু ক্রিকেটার নাকি তাঁর সঙ্গে খেতে চাইতেন না

দানিশ কানেরিয়াকে মনে আছে?

আবদুল কাদিরের উত্তরসূরি হিসেবে তাঁকে ভেবেছেন অনেকে। টেস্টে পাকিস্তানের হয়ে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি। এ সংস্করণে এক ইনিংসে এবং এক ম্যাচে তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং বাংলাদেশের বিপক্ষে। তবে শুধু এ দেশের নয়, অন্যান্য ক্রিকেটপ্রেমীরাও কানেরিয়াকে আরেকটি কারণে মনে রাখবেন। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে স্পট ফিক্সিংয়ে জড়ানোয় ২০১২ সালে দেশটির ক্রিকেট বোর্ড তাঁকে আজীবন নিষিদ্ধ করে। এর আগেই অবশ্য কানেরিয়া পাকিস্তান জাতীয় দলের বাইরে চলে যান। স্পট ফিক্সিংয়ের অভিযোগ বহুদিন ধরে অস্বীকার করে আসার পর গত বছর দোষ স্বীকার করেন ৩৯ বছর বয়সী এ লেগ স্পিনার।

সেই কানেরিয়াকে নিয়ে এবার বোমা ফাটালেন শোয়েব আখতার।

কিংবদন্তি পেসারের দাবি, পাকিস্তানের কিছু ক্রিকেটার কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন। কানেরিয়ার ধর্মবিশ্বাসের কারণে তার সঙ্গে বসে খেতে চাইতেন না কিছু খেলোয়াড়। পাকিস্তানের সাবেক পেসারের দাবি সমর্থন করেছেন কানেরিয়া। পাকিস্তান জাতীয় দলে খেলা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার কানেরিয়া। তাঁর মামা অনিল দালপুত ছিলেন পাকিস্তান দলে খেলা প্রথম হিন্দু ক্রিকেটার।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘পিটিভি স্পোর্টস’-এর ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে শোয়েব বলেন, ‘ক্যারিয়ারে আমি (দলের মধ্যে) দু-তিনজনের সঙ্গে লড়েছি যখন তারা আঞ্চলিকতাবাদ নিয়ে কথা বলেছে। " কে করাচির, কে পাঞ্জাবের, কে পেশোয়ারের” এসব কথা শুনলে রাগ হতো। সুতরাং কোনো হিন্দু (ক্রিকেটার) যদি দলের হয়ে ভালো করে তাহলে অসুবিধার কি আছে। ওরা (কিছু ক্রিকেটার) বলত “ সে এখান থেকে কীভাবে খাবার নিতে পারছে?” শোয়েব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা গতিময় পেসার। ৪৪ বছর বয়সী এ সাবেক পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

পাকিস্তানের হয়ে ৬১ টেস্টে ২৬১ উইকেট নেওয়া কানেরিয়াকে নিয়ে শোয়েব বলেন, ‘এই হিন্দু ক্রিকেটারটিই ইংল্যান্ডের বিপক্ষে আমাদের টেস্ট জিতিয়েছে। কানেরিয়াকে ছাড়া আমরা সিরিজ জিততে পারতাম না। কিন্তু এ জন্য খুব বেশি লোক তাকে কৃতিত্ব দেয়নি।’ শোয়েব এমন কথা বলার পর কানেরিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ সংস্থা পিটিআই। কানেরিয়া এ নিয়ে বলেছেন, ‘শোয়েব কিংবদন্তি। খেলোয়াড়ি জীবনে এ নিয়ে কথা বলার সাহস ছিল না। তবে শোয়েব ভাইয়ের মন্তব্যের পর হয়েছে। তিনি, ইনজি (ইনজামাম) ভাই, মোহাম্মদ ইউসুফ ও ইউনিস ভাই আমাকে সব সময় সমর্থন দিয়েছেন। যারা আমাকে সমর্থন দেয়নি দ্রুতই তাদের নাম জনসম্মুখে প্রকাশ করব।’

বর্তমানে কানেরিয়া মোটেও ভালো নেই। পাকিস্তানের ক্রিকেট সংগঠক থেকে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের কাছেও সাহায্য চেয়েছেন নিষিদ্ধ এই লেগি। এক বিবৃতিতে কানেরিয়া বলেছেন, ‘আমার জীবনটা ভালো চলছে না। অনেকের কাছে সমস্যা থেকে মুক্তির সমাধান চেয়েছি। কেউ সাহায্য করেনি। যদিও পাকিস্তানে অনেক ক্রিকেটারের সমস্যারই সমাধান করা হয়েছে। ক্রিকেটার হিসেবে পাকিস্তানকে নিজের সর্বস্ব নিংড়ে দিয়েছি এবং তা নিয়ে আমি গর্বিত। এই সমস্যাসংকুল মুহূর্তে আশা করছি পাকিস্তানের লোকেরা আমাকে সাহায্য করবে। সমস্যা থেকে মুক্তি পেতে পাকিস্তানের সকল কিংবদন্তি ক্রিকেটার, সংগঠক এবং প্রধানমন্ত্রী ইমরান খানের সাহায্য চাচ্ছি। দয়া করে আমাকে সাহায্য করুন।’