১৬ এপ্রিল ২০১৯। খুব বেশি গুরুত্বপূর্ণ তারিখ নয় যে আপনাকে এটি মনে রাখতেই হবে। তবে তাসকিন আহমেদের মনে রাখার মতোই। তাসকিন সম্ভবত ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে লাল কালিতে দাগও কেটে রাখতে পারেন! তাসকিন সত্যিই দাগ কেটেছেন কি না, বড় প্রশ্ন। সঙ্গে প্রশ্ন, তাসকিনের ক্যারিয়ারে কি ওই দিনই সবচেয়ে খারাপ দিন ছিল?
আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আর ইংল্যান্ড বিশ্বকাপের স্কোয়াডে জায়গা মেলেনি এই পেসারের। মিরপুরের ব্যস্ততা আড়াল করে তাসকিন কেঁদেছেন শিশুর মতো। সাংবাদিকদের প্রশ্ন কী সামলাবেন, তাসকিন সামলিয়েছেন নিজের কান্নাভেজা চোখ। তাসকিন চোখ মুছতে মুছতে যাওয়ার সময় বলে গেলেন, ‘সবাই যেটা ভালো মনে করেছে, ওটাই করেছে। আমি চেষ্টা করব, ভালো করার...’
তাসকিন চেষ্টা করবেন বলেছেন। আসলেই কি করেছেন? একটু পেছনে যাই। এবার বছর তিনেক আগে নয়, ফিরি মাসখানেক আগে। মার্চের ৬ তারিখে দেখলাম, তাসকিন একটা ভিডিও পোস্ট করেছেন। মার্চের গরমে তপ্ত বালুতে তাসকিন দৌড়াচ্ছেন, ওয়ার্কআউট করছেন। তাতে ক্যাপশন ছিল এমন, ‘যদি আমি কাজ করি, ফল সামনে আসবেই...’
ফল এসেছে। ২৩ মার্চ তাসকিন সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে বল হাতে একাই গুটিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। ৯ ওভারে ৩.৮৯ ইকোনমিতে ৩৫ রান দিয়ে উইকেট নিয়েছেন পাঁচটি। অনেকটা আড়ালে পড়ে যাওয়া তবে গুরুত্বপূর্ণ ব্যাপার, ৫৪ বলের মধ্যে তাসকিন ডট দিয়েছেন ইনিংস সর্বোচ্চ ৩৮ বল। উইকেট যেমন তুলেছেন, তেমনি ডট বল দিয়ে চাপেও রেখেছেন স্বাগতিক ব্যাটসম্যানদের।
ক্যারিয়ারের শুরুতে একেবারে প্রথম ওয়ানডে ম্যাচে তাসকিন নিয়েছিলেন পাঁচ উইকেট। মিরপুরে বৃষ্টির ঝাপটার সঙ্গে ভুলে যাওয়ার মতো এক ম্যাচে তাসকিনের কল্যাণে ভারতকে ১০৫ রানে গুটিয়ে দেওয়ার পর বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেরা থেমেছেন ৫৮ রানে। ৪৬ ম্যাচ আর ৮ বছরের অপেক্ষা শেষে তাসকিনের পাঁচ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে কোনো সফরকারী পেসারের পাঁচ নেওয়ার ঘটনা তো তাসকিনের আগে ছিল পাক্কা ১০ বছর আগের। তাসকিন যেন মনে করালেন, ‘যদি আমি কাজ করি, ফল সামনে আসবেই...’
তাসকিন সামাজিক যোগাযোগমাধ্যমে মোটামুটি বেশ ভালো সক্রিয়। সব সময় নানা ছবি, ভিডিও পোস্ট করেন। কখনো সতীর্থদের জানান তাঁদের কীর্তির জন্য অভিনন্দন, কখনো জন্মদিনের শুভেচ্ছা। তবে বেশির ভাগ সময় থাকে তাসকিনের জিমের ছবি, ফিটনেস নিয়ে কাজ করার ভিডিও। বাদ থাকেনি নিজের মনোবল বাড়ানোর জন্য আগুনের ওপর হাঁটাও।
ফিটনেস সচেতন কিংবা পরিশ্রমে বাংলাদেশের সবচেয়ে মনোযোগী ছাত্রের ট্যাগ মুশফিকের কাছেই ছিল। তবে সেই একই ট্যাগ তাসকিনের কাঁধেও লাগানো যায়। পরিশ্রমের সঙ্গে নিজের দুর্বলতা নিয়ে কাজ করে, বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে তাসকিন নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন। তাসকিনের লড়াইটা মূলত নিজেরই সঙ্গে। যেন বছর তিনের আগে কান্নাভেজা চোখে বলা কথাটা, ‘আমি চেষ্টা করব, ভালো করার...’
২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় গেলেন তাসকিন। পারফর্ম করলেন একেবারে সাদামাটা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২৪ ওভার বল করে উইকেট নিলেন মোটে দুটি। তবে উইকেট তোলায় কিপটে হলেও রান দেওয়াতে ছিলেন উদার। সেই সিরিজে তাসকিনের ইকোনমি ছিল ৮.২৫। ১৯৮ রান দিয়ে দুটি উইকেট নেওয়া তাসকিনের বোলিং গড় ছিল ৯৯, প্রতি উইকেট নিতে বল করতে হয়েছে ৭২টি। আট বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৭ সিরিজ খেলা তাসকিনের এর চেয়ে বাজে গড়, স্ট্রাইক রেট কিংবা ইকোনমি ছিল না আর অন্য কোনো সিরিজে।
সাদামাটা থেকে পরের আফ্রিকা সফরেই অতি অসাধারণ। মাঝে কেটেছে চার বছর। তিন বছর ছিলেন না ওয়ানডে দলেও। এ সফরে ২৩ ওভারে ৪.৮৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। প্রতি উইকেট নিতে তাসকিন রান দিয়েছেন মোটে ১৪, বল করেছেন ১৭.২৫টি। আগের সফরের সঙ্গে পার্থক্যটা বোঝা যায়? এ পার্থক্য গড়েছেন তাসকিন নিজেই, নিজের সঙ্গে নিজে লড়ে।
জুটেছে ম্যাচসেরা আর সিরিজসেরার পুরস্কারও। পুরস্কার নিতে আসা তাসকিনের সঙ্গে ওয়ানডে অধিনায়ক তামিমের খুনসুটি, ‘নে এগুলোই তোর আইপিএল...’ তাসকিনও জবাব দিলেন স্বভাবসুলভ হাসিতে।
এ বছর ক্রিকেটের তিন ফরম্যাটে দারুণ পারফর্ম করা তাসকিনের সুযোগ মিলেছিল আইপিএলেও। তবে যাওয়া হয়নি দলের কথা ভেবে। তাসকিন গেলে কী উপকৃত হতেন বা হতেন না, সে আলোচনা অন্য সময়ের জন্য তোলা থাক। তবে তামিমের প্রশংসা তাসকিন নিতেই পারেন। পরে তো ডানহাতি পেসার নিজেও জানিয়েছেন, ‘দেশের হয়েই খেলতে চাই। ভালো করলে এমন ডাক আরও আসবে।’
তাসকিন আসলে কতটা ভালো ছিলেন? ক্যারিয়ারের শুরুতে সব পেয়ে যাওয়া, যশ-খ্যাতি বাংলাদেশের নতুন ক্রিকেটাররা যেমন পায় আরকি। তাসকিন পেয়েছেন আরেকটু বেশি। তবে ইনজুরি নিয়ে সচেতন ছিলেন না তিনি। পরে ভুগেছেন, দল থেকে বাইরে ছিলেন লম্বা সময়।
ফেরার পর ভিন্ন এক তাসকিন। বোলিংয়ে গতি, ব্যাটসম্যান বোঝার ক্ষমতা, কন্ডিশনের ফায়দা নিতে শেখা—সবই মিলিছে এই নতুন তাসকিনে। নীরস পরিসংখ্যানও এই তাসকিনের পক্ষে। ২০২১ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে ৩৬ ম্যাচে ৩৪.০৯ গড়ে তাসকিন নিয়েছেন ৫১ উইকেট। প্রতি উইকেট নিতে বল করেছেন ৪৭.৫টি, আর ইকোনমি ছিল ৪.৩০। আর চলতি বছরে তো ৯ ম্যাচে ১৭ উইকেট নেওয়া তাসকিন হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। অথচ ২০১৭ সালের শুরু থেকে ২০২০ পর্যন্ত ২০ ম্যাচ সুযোগ পাওয়া তাসকিন ৬৫.৫০ গড়ে নিয়েছিলেন ২০ উইকেট।
আইপিএলে ডাক, সাম্প্রতিক ফর্ম—সব মিলিয়ে তাসকিনের একাদশে বৃহস্পতি। তবে রোলার কোস্টার রাইডের এই ক্রিকেটে কখনো উত্থান তো কখনো পতন। তাই তাসকিনের সচেতন থাকতে হবে নিজে থেকেই। ক্রিকেটের নানা ব্যস্ততায় তাসকিনকে খেলতে হবে গুরুত্ব বুঝেই। এতে তাসকিনের যেমন লাভ হবে, তেমন লাভ কি হবে না বাংলাদেশের ক্রিকেটেরও?
তাসকিন প্রসঙ্গে মাশরাফি চলে আসেন। এই পেসারের সঙ্গে ইনজুরির যত সখ্য, তা আর আছেই-বা কার? ক্যারিয়ারের শুরুতে তাসকিন ম্যাশকে আইডল মেনেছেন। এরপর খেলেছেন একসঙ্গেও। আলোচিত হয়ে আছে তাঁদের ‘ম্যাশকিন’ উদ্যাপনও। ক্যারিয়ারের নানা বাঁকে মাশরাফির সমর্থনও মিলেছে এই পেসারের। ৬ এপ্রিল মিরপুরের চলতি বিসিএলে খেলাঘরের সঙ্গে চার উইকেট নেওয়ার পর ম্যাচসেরা ম্যাশ গণমাধ্যমে তাসকিন নিয়ে বলেছেন, ‘যেহেতু ওর হাঁটুতে সমস্যা ছিল, ব্যাক ইনজুরি আছে। এবার কাঁধে নতুন ইনজুরি যুক্ত হয়েছে। মানে ওর অনেক জায়গায় ইনজুরি আছে, আর ছোট ইনজুরি পরে অনেক বড় হয়। তাই আমাদের উচিত, পেসারদের একটু ঘুরিয়ে-ফিরিয়ে বিশ্রাম দিয়ে খেলানো উচিত। তাদের এনার্জি সেভ করাও দায়িত্ব। তবে ভালো ব্যাপার, তাসকিন টেস্টকে ভালোভাবে নিয়েছে। ম্যানেজমেন্ট, ফিজিও, কোচিং স্টাফ—সবাইকে সচেতন হতে হবে, কোন বোলারকে কখন বিশ্রাম দেওয়া উচিত।’
মাশরাফির কথা বিসিবির ম্যানেজমেন্ট শুনবে কি না, তা সময় বলে দেবে। তবে সোনার ডিম পাড়া হাঁস ভেবে তাসকিনকে ব্যবহার করতে হবে সচেতনভাবে, সঙ্গে তাসকিনকেও বুঝতে হবে নিজের গুরুত্ব। তাতে চোখের জল থেকে পরিশ্রমের মাধ্যমে যে সাফল্যপথে হাঁটছেন তাসকিন, সে হাঁটা আরও অনেক লম্বা হবে। কত লম্বা? এ প্রশ্ন তুলে আর লাভ কী? যত লম্বা হবে এ হাঁটা, তত বেশি লাভ বাংলাদেশ ক্রিকেটের।