কাপুরুষদের জন্য আনুশকার করুণা

গত বছর ক্রিকেট মাঠে খুব যাতায়াত ছিল আনুশকা শর্মার। এখন যাওয়াই বন্ধ করে দিয়েছেন। তাঁকে যে একরকম ‘অপয়া’ হিসেবে প্রতিষ্ঠিত করে ছেড়েছিল ভারতের কিছু মূর্খ মানুষ। এ নিয়ে বিরাট কোহলি আগেই সেসব কূপমণ্ডূকের মুণ্ডুপাত করেছেন। তবে অনেক দিন পর মুখ খুললেন আনুশকা শর্মা। তিনিও ধুয়ে দিয়েছেন সেসব মানুষকে।
ফেসবুক-টুইটার ট্রলের পর ট্রল করা হয়েছিল আনুশকাকে নিয়ে। এসব ট্রলের অনেকগুলোই স্থূল রসিকতা ছিল, কিছু কিছু ভব্যতার সীমাও ছাড়িয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে আনুশকার পক্ষে অনেকেই দাঁড়িয়েছিলেন। কিন্তু এই বলিউড অভিনেত্রী কোনো মন্তব্য করেননি। এত দিন পর ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনুশকা রীতিমতো ধুয়ে দিলেন সেই ‘কাপুরুষদের’।
আনুশকা বলেছেন, ‘আরও অনেক কারণেই আমাকে নিয়ে ট্রল করা হয়েছে। কখনো এগুলো নিয়ে প্রতিক্রিয়া দেখাইনি। এ কাপুরুষদের দলকে নিয়ে কিছু বলতেও চাই না, যারা নিজেদের কম্পিউটারের সামনে বসে দেশ উদ্ধার করে, অথচ তারা আসলে নিজেদের নিয়েই সন্দিহান, নিজেদের ব্যাপারেই তাদের ধারণা একদম যা–তা। তারা নিজেদের এতটা নিচু ভাবে, মনে করে বাকিদেরও নিচে টেনে নিয়ে আসার মধ্যেই জীবনের সার্থকতা। এদের নিয়ে কী আর বলব।’
আনুশকা এখন এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবেই নিয়েছেন, ‘এখন অনেকের জন্য করুণাই হয়। একটা সময় শুরুর দিকে মন খুব খারাপ হতো। কিন্তু এখন শুধু করুণাই হয়।’ সূত্র : জি নিউজ।