কাবুলে অনুশীলন শুরু আফগান ক্রিকেটারদের, নতুন ব্যাটিং কোচ গুনাবর্ধনে
আফগানিস্তানের ক্ষমতা চলে গেছে তালেবানদের হাতে। ক্ষমতার পালাবদলের পর আফগানদের জীবন অনিশ্চয়তায়। দেশটির বিভিন্ন খেলার কী হবে, প্রশ্ন উঠেছে সেটি নিয়েও। রশীদ খান তাঁর পরিবার নিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন। তালেবানদের পক্ষ থেকে অবশ্য আগেই আশ্বস্ত করা হয়েছিল, তাদের ক্ষমতা দখল ক্রিকেটের ওপর প্রভাব ফেলবে না’ বরং তারাই দেশটিতে ক্রিকেট এনেছে মনে করিয়ে বলা হয়েছিল, বরং উন্নতিই হবে ক্রিকেটের।
আপাতত দেশটির ক্রিকেটের ওপর তেমন প্রভাব পড়েনি সরাসরি। নতুন ব্যাটিং কোচ হিসেবে সাবেক শ্রীলঙ্কা ওপেনার আভিস্কা গুণাবর্ধনেকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগও দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আজ কাবুলে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলনও।
টুইটারে গুনাবর্ধনের নিয়োগের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়ার পর অবশ্য পরে মুছে ফেলা হয়েছে টুইটটা। তবে ক্রিকবাজ বলছে, পাকিস্তান সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে গুনাবর্ধনেকে। দক্ষিণ আফ্রিকার হিল্টন ডিওন অ্যাকারম্যানের জায়গা নিচ্ছেন তিনি।
এর আগে শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন গুনাবর্ধনে। শ্রীলঙ্কা ‘এ’ দল ও ‘ইমার্জিং’ দলেরও দায়িত্ব পালন করেছেন। অবশ্য ২০১৭ সালে আরব আমিরাতের টি-টেন টুর্নামেন্টে দুর্নীতির অভিযোগ ছিল তাঁর বিপক্ষে। সে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পর গুনাবর্ধনের প্রথম বড় দায়িত্ব হতে যাচ্ছে এটিই।
এদিকে আজ পাকিস্তান সিরিজের জন্য অনুশীলনও শুরু করে দিয়েছে আফগানিস্তান জাতীয় দল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, কাবুলে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়েছে সামনের ম্যাচগুলোর জন্য।
১ থেকে ৫ সেপ্টেম্বরের মাঝে পাকিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডে খেলার কথা আছে আফগানিস্তানের। এর আগে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল এ সিরিজ। তবে আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু আরব আমিরাতে স্থানান্তরিত হওয়ায় শ্রীলঙ্কায় হবে সেটি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শ্রীলঙ্কার উদ্দেশে শিগগিরই রওনা হবে তাদের জাতীয় দল।
এ সিরিজে আফগানিস্তান নিয়ে যাচ্ছে দুজন নতুন কোচ। গুনাবর্ধনের আগে ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল শন টেটকে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ৯ আগস্ট নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলারের নিয়োগ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অনেকেই সে সময় ব্যস্ত থাকবেন আইপিএল নিয়ে। ফলে স্থগিত করা হয়েছে সে সিরিজ। অবশ্য বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ হতে পারে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তান সরাসরি খেলবে সুপার টুয়েলভে। প্রথম পর্ব পার হতে পারলে বাংলাদেশ পড়বে আফগানিস্তানের গ্রুপেই।