কামরুলের নতুন শুরু

টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক। নিশ্চয়ই খুব রোমাঞ্চিত ছিলেন কামরুল ইসলাম। স্বপ্ন ভঙ্গ হতে দেরি হলো না। অভিষেক টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র ১ উইকেট। পরের টেস্টের প্রথম ইনিংসে বল পেলেন তিন ওভার। দ্বিতীয় ইনিংসে তো বলই পেলেন না!
গত বছরের অক্টোবরের ইংল্যান্ড সিরিজের তিক্ত অভিজ্ঞতা নিউজিল্যান্ডে হয়তো কিছুটা ভুলতে পারবেন কামরুল। কাল প্রথম টেস্টের প্রথম বলেই তুলে নিলেন জিত রাভালের উইকেট। পরে রস টেলরকেও ফিরিয়ে তাঁর বোলিং বিশ্লেষণ—১৩-২-৫৩-২। টেলরের উইকেটটা কামরুলকে একটু বেশি আত্মবিশ্বাস দেবে কারণ, তাঁকে তিনি আউট করেছেন পরিকল্পনা করে, ‘টেলরকে নিয়ে পরিকল্পনা ছিল ওকে এলবিডব্লুর ফাঁদে ফেলব। চা-বিরতির সময় কোচরা বলেছেন, তোমার বল ভেতরে ঢুকছে। তুমি চেষ্টা করো ওর শরীরে বল করার জন্য। আমি সেভাবেই করেছি। একপর্যায়ে ও ক্যাচ তুলে দিল।’
প্রথম বলেই উইকেট, দলের পরিকল্পনা কাজে লাগানোয় সাফল্য—কামরুলের কণ্ঠে জাগছে আরও ভালো কিছুর আশা, ‘প্রথম দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা আমার ভালো ছিল না। ঢাকা টেস্টের সমস্যাগুলো নিয়ে অনেক কাজ করে সেগুলো দূর করেছি। ঢাকায় যখন খেলেছি একটা উইকেট পাওয়াও মনে হচ্ছিল অনেক বড় ব্যাপার। তবে আজ (কাল) এখানে যেভাবে শুরু হয়েছে আশা করছি ভালো কিছু হবে।’
নিউজিল্যান্ড সিরিজের দলে প্রথমে ছিলেন না কামরুল। শফিউল ইসলাম চোটে পড়াতেই দুয়ার খুলেছে তাঁর। মজার ব্যাপার, প্রথম টেস্টে বাংলাদেশ যে তিন পেসার খেলাচ্ছে, মাত্র দুই টেস্ট খেলেও তাঁদের মধ্যে কামরুলই অভিজ্ঞতম। বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও শুভাশিসের তো টেস্ট অভিষেকই হলো এই ম্যাচে! অবশ্য মাঠে নামার পর সেটা আর কারও মাথায় ছিল না। কামরুলই বলছিলেন, ‘যারা নতুন খেলছে তাদের সঙ্গে আমরা অনেক দিন ধরেই খেলছি। প্রথম শ্রেণির ক্রিকেট, প্রিমিয়ার লিগ সবখানে। তাসকিন তো অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আমার কাছে মনে হচ্ছিল ও আমার চেয়েও অভিজ্ঞ। সে আমার চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে। শুভাশিসও অনেক ভালো খেলে এখানে এসেছে।’ বড়দের বুদ্ধি-পরামর্শ তো ছিলই, ‘সিনিয়ররা প্রতিমুহূর্তেই আমাদের কিছু না কিছু বলছেন...কী করতে হবে না করতে হবে। আর আমরা যেহেতু বোলার, ঠিক জায়গায় বল করা, সুইং করানো এগুলো তো নিজ থেকেই করতে হবে।’
টেস্টের প্রথম দিনের কনকনে বাতাস আর ঠান্ডা এক দিন বিরতি দিয়ে কাল আবার ফিরেছে ওয়েলিংটনে। দিনের খেলা শেষে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হলো। এমন আবহাওয়ায় খেলে অভ্যস্ত নয় বাংলাদেশ দল। তবে বলের উত্তাপটাই এমন যে সেটা হাতে নেওয়ার পর আর ঠান্ডা-গরমের অনুভূতি থাকে না বোলারদের। কামরুলের কথায়ও খুঁজে পাওয়া গেল সে রোমাঞ্চ, ‘এ রকম আবহাওয়ায় আমরা খুব কম ম্যাচ খেলেছি। তারপরও অধিনায়ক যখন বলেন, তুমি দুই ওভার পর বল করবা তখন আমরা একটা মানসিক প্রস্তুতি নিয়ে নিই। বল হাতে পাওয়ার পর বোলারদের মাথায় ঠান্ডা-গরম থাকে না। চিন্তা থাকে ভালো জায়গায় বল করতে হবে। ভালো কিছু করতে হবে।’
বেসিন রিজার্ভের উইকেটে সেটার একটাই শর্ত—ধৈর্য। ধৈর্য ধরে ভালো জায়গায় বল ফেলে যেতে পারলে ব্যাটসম্যানরা ভুল করবেনই। আজ কামরুলদের পরিকল্পনার এটাই মূল মন্ত্র থাকবে, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে ধৈর্য ধরে বল করা। আমরাই এখানে ছয় শ রান করেছি। তার মানে পিচটা এমন নয় যে চাইলেই উইকেট বের করতে পারব। ধৈর্য ধরে ভালো জায়গায় বল করলেই তা হবে।’
নতুন শুরুতে সেটা করারই প্রতিজ্ঞা কামরুলের।
সংখ্যায় সংখ্যায়
৫
সাকিবের ২১৭, মুশফিকের ১৫৯, মুমিনুলের ৬৪, তামিমের ৫৬ আর সাব্বিরের ৫৪*—টেস্টের এক ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব পাঁচ ইনিংস। বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যানের একই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করার দ্বিতীয় ঘটনা এটি। প্রথমটি ছিল ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে।
২য়
৫৯৫/৮—টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। সবচেয়ে বেশি ৬৩৮ রান বাংলাদেশ করেছিল ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে।
২
বেসিন রিজার্ভে গত ৫৮ টেস্টে দ্বিতীয় কিউই ওপেনার হিসেবে সেঞ্চুরি পেলেন টম ল্যাথাম। ১৯৩০ সালে এই ভেন্যুর টেস্ট অভিষেকে দুই ওপেনার স্টুয়িই ডেম্পস্টার ও জ্যাকি মিলসের পর এই ভেন্যুতে ল্যাথামের আগে সেঞ্চুরি করেছেন আর একজনই—জন রাইট।
৪
প্রথম চারটি জুটিতেই কিউই ব্যাটসম্যানরা পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। কিউই ইনিংসে এমন ঘটনা এর আগে টেস্ট ক্রিকেট দেখেছে মাত্র একবারই (বিপক্ষ শ্রীলঙ্কা, ডানেডিন, ১৯৯৬-৯৭)।