কামরুলের ব্যাটিং থেকেও তো শেখা যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশংসিত হয়েছে পেসার কামরুলের ব্যাটিং। ফাইল ছবি
প্রশংসিত হয়েছে পেসার কামরুলের ব্যাটিং। ফাইল ছবি

ক্রাইস্টচার্চ টেস্টে পেসার কামরুল ইসলাম রাব্বী দেখিয়েছিলেন, পরিস্থিতির দাবি মেনে ব্যাটিংটা তিনি খুব একটা খারাপ করেন না! কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাই গতকাল হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁকে একটু ওপরের দিকে তুলে দিলেন। যখন কামরুল উইকেটে এসেছেন ৭ উইকেট নেই। দলের মূল ব্যাটসম্যানরা সবাই ফিরে গেছেন ড্রেসিংরুমে। হায়দরাবাদ টেস্টে বাংলাদেশের পরাজয় তখন সময়ের ব্যাপার।
একে একে সব আশার বাতি নিভে গেলেও এক প্রান্ত আগলে ছিলেন কামরুল। ৮৪ মিনিট উইকেটে থেকে ৭০ বল খেলে অপরাজিত থাকলেন ৩ রান করে। ম্যাচের ফল বিবেচনায় রানটা কিছুই নয়। কিন্তু একটা দিক থেকে কামরুলের ব্যাটিং অবশ্যই তাৎপর্যময়। টেলএন্ডার হিসেবে ক্রাইস্টচার্চে তিনি যে ব্যাটিং করেছিলেন তাতেই লজ্জা পাওয়ার কথা দলের অনেক বিশেষজ্ঞ ব্যাটসম্যানের। একই দৃষ্টান্ত তৈরি করলেন ভারতের বিপক্ষেও। যখন রান নয়, উইকেটে টিকে থাকাই একমাত্র শর্ত—সেই লড়াইয়ে দারুণ এক সৈনিক তিনি।
যথেষ্ট কঠিন পরিস্থিতিতেই এক প্রান্ত আগলে ছিলেন কামরুল। ভারতীয় পেসারদের শর্ট বল, রিভার্স সুইং, ইয়র্কার যেমন সামলেছেন, ঘিরে থাকা ক্লোজ-ইন ফিল্ডারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন কিংবা রবীন্দ্র জাদেজার ভয়ংকর সব ঘূর্ণিও সাবলীলভাবে খেলেছেন। চেষ্টা করেছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের সঙ্গে জুটি গড়ার।
দ্বিতীয় ইনিংসে কামরুলসহ বাংলাদেশের শেষ তিন ব্যাটসম্যান খেলেছেন ২৪ ওভার। দুই ওপেনার ও তিনে নামা ব্যাটসম্যানও খেলেছেন সমান সংখ্যক ওভার। শীর্ষ তিন ব্যাটসম্যানের তো আরও বেশি সময় উইকেটে থাকার কথা ছিল। আরও বেশি ওভার খেলে দিয়ে আসা উচিত ছিল।
টেস্টটা বাংলাদেশ ২০৮ রানে হারলেও ড্র মোটেও অসম্ভব ছিল না। কিন্তু কেন হলো না? সে উত্তর দিতে গিয়ে ভারত থেকে ফোনে কামরুলের কণ্ঠে কাল দীর্ঘশ্বাসই ঝরল, ‘লাঞ্চের সময়ও ড্রয়ের ব্যাপারে সাব্বির-রিয়াদ ভাই আত্মবিশ্বাসী ছিলেন। তবে কেউ ইচ্ছে করে আউট হয় না। টেস্টে কঠিন পরিস্থিতিতে এগিয়ে যেতে পারব এই বিশ্বাসটা আমাদের ভেতর আরও ভালোভাবে আনতে হবে। আমরা টেস্ট খেলিও কম। ওয়ানডে-টি-টোয়েন্টি বেশি খেলি বলে সেখানে ভালো করি। টেস্টেও খেলতে খেলতে শিখব কীভাবে এসব পরিস্থিতি সামাল দেওয়া যায়।’
মাহমুদউল্লাহ আউট হয়ে যাওয়ার পরও আশা ছাড়েননি কামরুল। তাঁর আফসোস, শেষ দিকে একজন ‘ব্যাটসম্যান’ থাকলে ম্যাচের ফলটা অন্যরকম হলেও হতে পারত, ‘৭ উইকেট পড়ে যাওয়ার পরও আশা ছিল, এখান থেকেও ড্র অসম্ভব নয়। আমরা শেষ তিনজন প্রায় চা বিরতি পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। ৮ উইকেট পড়ে যাওয়ার পর ১৫ মিনিট বাড়ল। ৯ উইকেট পড়ে যাওয়ায় সেটি হলো ৩০ মিনিট। একজন জেনুইন ব্যাটসম্যান থাকলে ম্যাচটা ড্র করে ফেলতে পারতাম।’
‘বিশেষজ্ঞ’ ব্যাটসম্যানদের যেখানে লড়াই চালানোর কথা, সেখানে তাঁরা তো আগেই আত্মসমর্পণ করেছেন। থ্রি-নট-থ্রি রাইফেল দিয়ে কী আর কামানের জবাব দেওয়া যায়! কামরুলের কৃতিত্ব, কিছুটা হলেও তিনি সেটা করতে পেরেছেন।