কামালের মন্তব্যে বিশ্ব সংবাদমাধ্যমে ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব সংবাদমাধ্যমে আইসিসি সভাপতির মন্তব্যে ঝড়।
বিশ্ব সংবাদমাধ্যমে আইসিসি সভাপতির মন্তব্যে ঝড়।

‘পরবর্তী সভায় আইসিসি সভাপতি হিসেবে এ নিয়ে আমাকে বলতেই হবে। এমনকি আমি পদত্যাগও করতে পারি’—মন্তব্য আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের। মেলবোর্নে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে গতকাল বৃহস্পতিবার এভাবেই ক্ষোভ ঝেড়েছেন মুস্তফা কামাল। আইসিসি সভাপতির মন্তব্য ঝড় তুলেছে বিশ্ব সংবাদমাধ্যমেও।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের অনেক সংবাদমাধ্যম আইসিসি সভাপতির মন্তব্য ফলাও করে প্রকাশ করেছে। এএফপি, রয়টার্সসহ বিভিন্ন বার্তা সংস্থার সৌজন্যে মুস্তফা কামালের মন্তব্য সংবলিত খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। এ কারণে অধিকাংশ খবর লেখা হয়েছে বার্তা সংস্থার বরাত দিয়ে। শুধু তা-ই নয়, মুস্তফা কামালের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের মন্তব্যও প্রকাশ করা হয়েছে গুরুত্বের সঙ্গে। ভারতের ‘হিন্দুস্তান টাইমসে’র অনলাইন সংস্করণে সর্বাধিক পঠিত খবরের এক নম্বরে রয়েছে মুস্তফা কামালের খবরটি। শিরোনাম—‘রোহিতের ‘‘নো-বল’’ নিয়ে বাংলাদেশি আইসিসি সভাপতির পদত্যাগের হুমকি’।
‘দ্য হিন্দু’ শিরোনামে আইসিসি সভাপতির কথা না আনলেও খবরের ভেতরে বিষয়টি নিয়ে বিস্তারিত লিখেছে। তাদের সংবাদের শিরোনাম, ‘বিশ্বকাপ ম্যাচের আম্পায়ারিং নিয়ে বাংলাদেশে বিক্ষোভ’। জি নিউজ লিখেছে, ‘বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালকে ‘‘পাতানো’’ বলেছেন আইসিসি সভাপতি, পদত্যাগের হুমকি’। ‘টাইমস অব ইন্ডিয়া’ লিখেছে, ‘পাতানোর অভিযোগ তোলায় নিজের সভাপতিকে আইসিসি প্রধান নির্বাহীর ঝাঁজালো জবাব’।
‘উত্তেজিত বাংলাদেশ আইসিসির কাছে এখনই তীব্র অভিযোগ জানাতে চায়’ শীর্ষক শিরোনামে পশ্চিমবঙ্গের ‘আনন্দবাজার পত্রিকা’ লিখেছে, ‘শোনা গেল আইসিসি প্রেসিডেন্ট বাংলাদেশের মুস্তফা কামাল এ দিন মাঠে থাকার সময় তাঁর কাছেও ক্ষোভ প্রকাশ করেন কর্তারা। কামালও নাকি তখন বলেন, “আমার তো সব কিছু দেখে অবাক লাগছে।”’

পাকিস্তানের ‘ডন’-এর অনলাইন সংস্করণের ‘হাইলাইটসে’ রয়েছে মুস্তফা কামালের খবরটি। খবরের শিরোনাম, ‘ভারতকে জেতাতে কোয়ার্টার ফাইনাল ছিল ‘‘পাতানো’’: আইসিসি সভাপতি’। শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় পত্রিকা ‘ডেইলি মিরর’ গুরুত্বের সঙ্গেই প্রকাশ করেছে মুস্তফা কামালের খবরটি। পিছিয়ে নেই অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় প্রত্রিকা ‘সিডনি মর্নি হেরাল্ড’ও। তবে তারা খবরটি প্রকাশ করেছে ভিন্ন কোন থেকে। পত্রিকাটি লিখেছে, ‘আইসিসি সভাপতির আক্রমণে ক্ষুদ্ধ আম্পায়াররা’।