কাম্বলি এখনো টেন্ডুলকারের 'আজীবনের বন্ধু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুদিন পর একসঙ্গে ফ্রেমবন্দী শৈশবের দুই বন্ধু শচীন ও কাম্বলি। ছবি: ইনস্টাগ্রাম
বহুদিন পর একসঙ্গে ফ্রেমবন্দী শৈশবের দুই বন্ধু শচীন ও কাম্বলি। ছবি: ইনস্টাগ্রাম

সময় মানুষকে বদলে দেয়। প্রাণের বন্ধুও একসময় অচেনা হয়ে পড়ে। আবার কোনো কারণে হয়তো সেই ‘অচেনা’ হয়ে পড়া বন্ধুই আবার ফিরে আসে জীবনে। সম্পর্কের এই ভাঙা-গড়ার দারুণ এক উদাহরণ হতে পারেন বিনোদ কাম্বলি ও শচীন টেন্ডুলকার!

কৈশোরে তাঁরা ছিলেন মানিকজোড়। নিরেট বন্ধুত্বকে তাঁরা অনূদিত করেছিলেন বাইশ গজেও। ২৯ বছর আগে সারদাশ্রম বিদ্যামন্দিরের হয়ে ৬৬৪ রানের জুটি দিয়ে তাঁদের চিনেছিল ভারত। পরে দুজনই প্রায় একই সঙ্গে জায়গা করে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলে। কিন্তু সময়ের স্রোতে টেন্ডুলকার নিজেকে নিয়ে গেছেন অভাবনীয় উচ্চতায়, পরিণত হয়েছেন ক্রিকেটের অন্যতম কিংবদন্তিতে। ২৪ বছরের ক্যারিয়ারে দুহাত ভরে তুলে নিয়েছেন মণি-মাণিক্য। আর কাম্বলি? একসময় যাঁকে টেন্ডুলকারের চেয়েও ‘প্রতিভাবান’ হিসেবে ধরা হতো, সেই কাম্বলি নিজের ক্যারিয়ারের দৈর্ঘ্য নয় বছরের বেশি নিতে পারেননি। টেন্ডুলকার নিজেকে ভারতীয় ক্রিকেট দলের অবিসংবাদিত তারকায় পরিণত করলেও বন্ধু কাম্বলি একটা সময়ের পর কখনোই জাতীয় দলে নিয়মিত হতে পারেননি।

টেন্ডুলকার সাফল্যের চূড়ায় বসেও ছিলেন অসম্ভব ধীরস্থির। উচ্ছৃঙ্খলতা তাঁর জীবনাচারের অংশ হয়নি কখনোই। এই জায়গা কাম্বলি ছাড়িয়ে গেছেন অনেককেই। দুজনের জীবনাচারের পার্থক্যের কারণেই একসময় দুই মেরুর বাসিন্দা হয়ে পড়েছিলেন তাঁরা। সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার জন্য কাম্বলি তো অনেকবারই দুষেছেন ছোটবেলার বন্ধুকে।

এই তো কিছুদিন আগে রাজদীপ সারদেশাইয়ের এক বইয়ের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে দেখা হয়েছিল দুই বন্ধুর। তাঁদের সঙ্গে ছিলেন অজিত আগারকার এবং অন্য বন্ধুরা। সেই অনুষ্ঠানে কাম্বলিসহ সব বন্ধুকে নিয়ে ‘সেলফি’ তোলেন টেন্ডুলকার। শুক্রবার ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান লেখেন, ‘ক্রিকেট থেকে পাওয়া আশ্চর্য জিনিসগুলোর মধ্যে আজীবনের বন্ধুরা অন্যতম। মাঠ এবং মাঠের ভেতরে এই সম্পর্কে কখনো খারাপ মুহূর্ত ছিল না।’

কিন্তু টানাপোড়েনের আঁচ তো ছিল! প্রায় এক যুগ আগে এক রিয়্যালিটি অনুষ্ঠানে টেন্ডুলকারকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন কাম্বলি। ৪৫ বছর বয়সী ভারতের সাবেক এই ব্যাটসম্যান বলেছিলেন, নিজের ক্রিকেট ক্যারিয়ারে টেন্ডুলকারের কাছ থেকে তিনি যথেষ্ট সাহায্য পাননি। এ ছাড়া ২০১৩ সালে টেন্ডুলকারের শেষ টেস্টে বিদায়ী অনুষ্ঠানে আমন্ত্রিত না হওয়ার আক্ষেপ থেকে কাম্বলি বলেছিলেন, ‘আমার মনে হয়, সে একজনকে ভুলে গিয়েছিল। সেই একজন আমি। আমি ওর অনেক কাছের ছিলাম। অনেক সময় কাটিয়েছি একসঙ্গে।’

দুজনের সেই হারানো সময়টা বুঝি এবার ফিরে এসেছে! সূত্র: জি নিউজ।