কাম্বলি পেটালেন গৃহকর্মীকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুর উল্টো পথেই চলেছেন কাম্বলি। ছবি : সংগৃহীত
বন্ধুর উল্টো পথেই চলেছেন কাম্বলি। ছবি : সংগৃহীত

শচীন টেন্ডুলকারকে চেনেন? প্রশ্নটি শুনেই প্রশ্নকর্তার দিকে তেড়ে আসতে চাইবেন অনেকেই, ‘বলে কি! শচীন টেন্ডুলকারকে চিনব না?’ এবার আরেকটি প্রশ্ন, বিনোদ কাম্বলিকে মনে আছে? এবার একটু মাথা চুলকাতে হলো তো? অথচ একসময় শচীনের নাম তুললেই কাম্বলির নামটি আপনা-আপনিই চলে আসত। স্কুল ক্রিকেটের দুই বন্ধুই যে ছিলেন ক্রিকেটের দুই বিস্ময় বালক। শচীন যেখানে ক্রিকেট বিশ্বে ব্যাটিং রেকর্ডের অন্য নাম, সেখানে বন্ধু কাম্বলির জীবন বিতর্কিত, কিছুটা অন্ধকারেরও। ক্রিকেট জীবনে অনেক বার বিতর্কে জড়িয়েছেন তিনি, জড়িয়েছেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পরেও। কিন্তু এবার কাম্বলি এমন এক বিতর্কে নিজেকে জড়িয়ে ফেলেছেন, তা দেখে, শুনে লজ্জায় নিজের মুখই বোধ হয় লুকোতে চাইবেন টেন্ডুলকার।
কাম্বলি এবার বাড়ির গৃহকর্মীকে পিটিয়ে খবরের শিরোনাম। গুরুতর এই অপরাধ করে ভারতের সাবেক এই ক্রিকেট তারকা সামলাচ্ছেন গ্রেপ্তারি পরোয়ানা। গৃহকর্মীর ‘অপরাধ’ কী জানেন? তিনি কাম্বলি ও তাঁর স্ত্রীর কাছে চেয়েছিলেন দুবছরের বকেয়া বেতন!
গৃহকর্মীর অভিযোগ, দুই বছর ধরে কাম্বলি দম্পতির বাড়িতে কাজ করলেও কোনো দিন পারিশ্রমিক মেটানো হয়নি তাঁর। বেতন চাইলে উল্টো স্বামী-স্ত্রী মিলে তাঁকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন। তিন দিন একটি অন্ধকার ঘরেও নাকি তাঁকে আটকে রাখা হয়। এর পর বেতন পরিশোধ না করে হুমকি দিয়ে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। উপায়ন্তর না দেখেই পুলিশের কাছে নালিশ করেছেন সেই গৃহকর্মী।
ভাবতে অবাক লাগে, এই গৃহকর্মী পেটানো কাম্বলি ছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। শচীন টেন্ডুলকারের সহপাঠী কাম্বলি স্কুল জীবন থেকেই জানান দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটে তাঁর আবির্ভাবের। বন্ধু টেন্ডুলকারের সঙ্গে স্কুল ক্রিকেটে ৬৬৪ রানের এক রেকর্ড গড়ে সারা দেশে চিনিয়েছিলেন নিজেকে। সেই জুটিতেও রান সংখ্যায় পেছনে ফেলেছিলেন বন্ধু টেন্ডুলকারকে। সেই সময় থেকেই টেন্ডুলকারের সঙ্গে তাঁকে ভাবা হয়েছিল ভারতীয় ব্যাটিংয়ের দুই কেন্দ্রীয় চরিত্র হিসেবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এসে শচীন টেন্ডুলকার যেখানে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন কাম্বলি নিজেকে হারিয়েছেন ভ্রান্তির চোরাবালিতে।
শুরুটা অবশ্য করেছিলেন টেন্ডুলকারের চেয়েও চমকপ্রদভাবে। নিজের প্রথম ৬ ইনিংসে হাঁকিয়েছিলেন ৩টি শতক আর ১টি অর্ধশতক। এর মধ্যে ছিল দুটি দ্বিশতক! টেস্ট ক্রিকেটার হিসেবে এমন শুরুর পরেও কাম্বলির টেস্ট ক্যারিয়ার মাত্র এক হাজার রানে যে আটকে যাবে, সেটা কী কেউ ভেবেছিলেন! এরপর থেকেই ক্রিকেটের জন্য যতবার কাম্বলির নাম নেওয়া হয়েছে তার চেয়ে বেশি নেওয়া হয়েছে বিতর্কের কারণে।
তবে এবারের এই অভিযোগ ছাড়িয়ে গেছে আগের সব ‘কীর্তি’কেই। নক্ষত্রের পতন হলে তা কৃষ্ণগহ্বরে পরিণত হয়। বিনোদ কাম্বলিও বোধ হয় এমনই এক কৃষ্ণগহ্বরেই রূপান্তরিত হয়েছেন। তাঁর চারপাশে এখন কেবল আঁধারের গল্প। তথ্যসূত্র: এনডিটিভি অনলাইন