কার কী কাজ বলে দিলেন হাথুরু
অনুশীলন প্রতিদিনই দুপুরের পর। তবে গত দুই দিন সকালের সময়টাও ব্যস্ততায় কাটল ক্রিকেটারদের। হোটেলেই এক এক করে ১৬ ক্রিকেটারের সঙ্গে আলাদা কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বলে দিয়েছেন দলে থাকলে কার কী কাজ হবে, কার কাছ থেকে কী চাওয়া।
দলের মধ্যে ‘ঘরের কথা বাইরে না বলা’র কঠোর নীতি আরোপ করেছেন হাথুরুসিংহে। মাঠে খেলোয়াড়দের ওপর বর্তানো দায়িত্বের বণ্টন সম্পর্কে তাই স্পষ্ট ধারণা পাওয়া গেল না। শুধু জানা গেছে, গত দুই দিন সবার সঙ্গে আলাদা বসে প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছেন কোচ। ম্যাচে কে কোথায় ব্যাট করবে, কখন বল করবে, কোন পরিস্থিতিতে কাকে কী করতে হবে...সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন সবই। অনুশীলনেও সবাইকে সেভাবেই কাজ করতে বলেছেন।
টি-টোয়েন্টির জন্য বিশেষায়িত অনুশীলন হাথুরুসিংহে শুরু করেন বিপিএলের পর পর। মাঝে জিম্বাবুয়ে সিরিজটাও হয়েছে শুধু ২০ ওভারের ম্যাচের। এরপর খুলনায় চলমান থেকেছে একই অনুশীলন। এখন চট্টগ্রামেও সেটাই চলছে। তবে খেলোয়াড়ভেদে কিছু বিশেষত্ব যোগ হয়েছে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন হয় একসঙ্গে চার নেটে। মাঝ উইকেটের এক নেটে পেস বলের এবং আরেক নেটে স্পিন বলের মুখোমুখি হচ্ছেন ব্যাটসম্যানরা। তার আগে দুটি প্র্যাকটিস উইকেটের একটিতে যাঁর যাঁর পছন্দমতো শট প্র্যাকটিস করছেন। অন্যটিতে গ্রানাইট বিছানো। সেখানে হচ্ছে শর্ট বলে হুক-পুলের অনুশীলন। বোলিং ও ফিল্ডিংয়েও চলছে নির্দিষ্ট বিষয় ধরে অনুশীলন।
এ রকম অনুশীলন অবশ্য নতুন নয় বাংলাদেশ দলের জন্য। নতুন হলো এবারের চিন্তাটা। আগে থেকে বলে দেওয়া দায়িত্ব বুঝে অনুশীলনে সেটা পালনের চর্চা। মুঠোফোনে কাল নাসির হোসেন বলছিলেন, ‘আমি যে জায়গায় নামি, টি-টোয়েন্টিতে সেখানে নেমে ফিফটি করা সম্ভব নয়। আমি হয়তো এমন পরিস্থিতিতে উইকেটে যাব, যখন ২০ বলে ৪০ রান লাগবে। দু-চারটা ছক্কা মারতে হবে। অনুশীলনে ওই ব্যাটিংটাই করার চেষ্টা করছি।’
জিম্বাবুয়ে সিরিজের দলে নিজেকে না দেখে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন নাসির। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে দলের বাইরে চলে যাওয়ার চেয়ে অলক্ষুনে আর কী হতে পারে! প্রাণে পানি আসে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দেখে। প্রধান নির্বাচক ফারুক আহমেদের কথা অস্বস্তিটাও দূর করে দেয় পুরোপুরি, ‘আমার ওপর নির্বাচকদের আস্থা আছে শুনে খুবই ভালো লেগেছে। আমার জন্য এটা দারুণ ইতিবাচক। চেষ্টা করব আস্থার প্রতিদান দিতে।’
শিগগিরই নিজের নামে একটা সুগন্ধি বাজারে আনতে যাচ্ছেন নাসির। সেই সুবাস হয়তো মানুষকে রোমাঞ্চিত করবে। তবে নাসিরের ব্যাটে রানের সৌরভটাই বেশি প্রত্যাশা সবার।