কারও চোখে 'ছাগল', কারও চোখে 'ইঁদুর'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে মজার সব শুভেচ্ছা বার্তা পেয়েছেন চাহাল। ছবি: ইনস্টাগ্রাম
জন্মদিনে মজার সব শুভেচ্ছা বার্তা পেয়েছেন চাহাল। ছবি: ইনস্টাগ্রাম

খেলার মাঠে লেগ স্পিন আর গুগলি দিয়ে যতটা আনন্দ দেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার চেয়েও বেশি কিছু দেওয়ার চেষ্টা করেন যুজবেন্দ্র চাহাল।

ইউটিউবে নিজের চ্যানেল খুলে মজার ভিডিও বানাতেন, সেটা দেখে বিসিসিআই নিজেদের ওয়েবসাইটেই তাঁর জন্য জায়গা করে দিয়েছে। এই মহামারিতে ইনস্টাগ্রাম আর টুইটারে শুধু ক্রিকেট নয়, বিনোদনজগতেও হাত বাড়িয়েছিলেন যুজবেন্দ্র।

গতকাল ৩০ বছরে পা রেখেছেন ভারতীয় লেগ স্পিনার। দুষ্টুমি আর রসিকতায় সব সময় সতীর্থদের জ্বালান। তাঁর জন্মদিনে তাই একরকম ‘প্রতিশোধ’ই নিয়েছেন ক্রিকেটাররা। মজার মজার সব টুইটে যুজবেন্দ্রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাই।

রোহিত শর্মাকে দেখুন না। খেলাধুলার জগতে ‘গোট’ শব্দটার মানে অন্য। আক্ষরিক অর্থ ছাগল হলেও ক্রীড়াঙ্গনে ‘গোট’ মানে ‘গ্রেটেস্ট অব অল টাইম।’ তো যুজবেন্দ্রে জন্মদিনে তাঁকে শুধু ভারতের সেরা সম্পদ বলেই খোঁচা দেননি রোহিত, আদর করে ‘ছাগল’ও ডেকেছেন, ‘ভারতের সেরা জাতীয় সম্পদকে জন্মদিনের শুভেচ্ছা। হ্যাশট্যাগ গোট।’

যুবরাজ সিংয়ের চোখে যুজবেন্দ্র অবশ্য তৃণভোজী নন। বরং অন্য কিছু, ‘যুজি চাহাল, নাকি তোমাকে মিস্টার চুহা (ইঁদুর) বলে ডাকব? ওজন বাড়ানোর জন্য বিশেষ করে দোয়া করছি। মজার ভিডিও আর মন্তব্য দিয়ে আমাদের আনন্দ দেওয়া চালিয়ে যাও। সফল এক বছরের অপেক্ষায়। শুভ জন্মদিন।’

জাতীয় দলে চাহালের সঙ্গে ভয়ংকর এক জুটি বেঁধেছেন কুলদীপ যাদব। দুই রিস্ট স্পিনার সীমিত ওভার ক্রিকেটে ভারতকে মাঝে ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন। জন্মদিনে সে কথা ভোলেননি যাদব, ‘আমার সহযোদ্ধা এবং মাঠ ও মাঠের বাইরে আমার ভাইকে শুভ জন্মদিন। জন্মদিনে তুমি স্বাস্থ্য, সুখ, সাফল্য এবং আরও অনেক উইকেট পাও, এই কামনা করছি।’

শার্দুল ঠাকুর এই করোনাকালে একসঙ্গে কেক কাটতে না পারার দুঃখ করেছেন। আগের এক জন্মদিনে চাহালের মুখে কেক মাখার ছবি দিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন চাহাল। কেক মাখার দিনগুলো মিস করছি।’