কারও দুটিই নেই, কোহলির চারটি!

২৪৬ বলে ২০৪—বিরাট কোহলির ইনিংসটার পাশে বিশেষণের পর বিশেষণ বসিয়েই শেষ হচ্ছে না। বাংলাদেশের সঙ্গে হায়দরাবাদে টেস্টে ডাবল সেঞ্চুরির পর ভারতীয় অধিনায়ক অনেক রেকর্ড গড়লেন। ভারতীয় অধিনায়ক হিসেবে আর কারও একটির বেশি ডাবল সেঞ্চুরি নেই, কোহলির এরই মধ্যে হয়ে গেল চারটি!
কোহলির একারই চারটি
টেস্টে অধিনায়ক হিসেবে চারটি ২০০ পেরোনো ইনিংস খেলেছেন কোহলি। অধিনায়ক হিসেবে চারটি দ্বিশতক পেরোনো ইনিংস খেলার রেকর্ড আছে ব্র্যাডম্যান, মাইকেল ক্লার্ক ও গ্রায়েম স্মিথের। অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ২০০ পেরোনো ইনিংস খেলেছেন ব্রায়ান লারা, পাঁচটি। ক্যারিবীয় কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে কোহলির লাগবে আর একটি। তবে একটি জায়গায় তিনি অনন্য। যেখানে ভারতীয় অধিনায়কদের মধ্যে কেউই দুবার ডাবল সেঞ্চুরি করতে পারেনি, কোহলির সেখানে একারই চারটি! একটি করে ডাবল সেঞ্চুরি করে কোহলির পেছনে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও মনসুর আলী খান পতৌদি।
টানা চার
গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন কোহলি। পরে ডাবল সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও। সর্বশেষটি হলো আজ হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে। টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি করে কোহলি ভেঙে দিলেন স্যার ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়ের টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরির রেকর্ড।
তাঁরা তিন
২০০-এর বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় কোহলির ওপরে আছেন তিনজন। সর্বোচ্চ ছয় বার করে যৌথভাবে শীর্ষে আছেন বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার। দ্রাবিড় করেছেন পাঁচটি। সুনীল গাভাস্কার অবশ্য ২০০ পেরোনো ইনিংস খেলেছেন চারটি।
তিন অধিনায়ক
টেস্টে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন তিন অধিনায়ক। ২০০৪ সালের অক্টোবরে চট্টগ্রাম টেস্টে নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং করেছিলেন ২০২ রান, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম টেস্টে প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ করেছিলেন ২৩২। এ তালিকায় সর্বশেষ সংযোজন কোহলি। ভারতীয় অধিনায়ক দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি বাংলাদেশের সঙ্গে করলেন ডাবল সেঞ্চুরি। ২০০৪ সালের ডিসেম্বরে প্রথম করেছিলেন টেন্ডুলকার।
শেবাগকে ছাড়িয়ে কোহলি
ঘরের মাঠে এক মৌসুমে সবচেয়ে বেশি রান ছিল শেবাগের। ২০০৪-০৫ মৌসুমে ‘বীরু’ করেছিলেন ১১০৫ রান (১৭ ইনিংসে)। আজ সেটিও ছাড়িয়ে গেলেন কোহলি। ১৫ ইনিংসে তাঁর রান ১১৬৮। ওই মৌসুমে শেবাগের গড় ছিল ৬৯.০৬, কোহলির এখন পর্যন্ত সেটি ৮৯.৮৪।
তাঁদের তিন ‘ডাবল’
হায়দরাবাদ টেস্টে বাংলাদেশের বিপক্ষে কোহলি-অজিঙ্কা রাহানের চতুর্থ উইকেট জুটিতে এসেছে ২২২ রান। এ নিয়ে কোহলি-রাহানের চতুর্থ উইকেট জুটি ‘ডাবল সেঞ্চুরি’ করল তিনবার। ২০১৩ সালের পর এত বেশি ২০০ পেরোয়নি আর কোনো জুটি। সূত্র: ক্রিকইনফো।