কারও যেন ভাতের অভাব না হয়, আরজি মুশফিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম বিশেষ ধন্যবাদ দিলেন করোনার বিরুদ্ধে যুদ্ধ করা মানুষদের। ছবি: প্রথম আলো।
মুশফিকুর রহিম বিশেষ ধন্যবাদ দিলেন করোনার বিরুদ্ধে যুদ্ধ করা মানুষদের। ছবি: প্রথম আলো।

এবার ঘরেই পয়লা বৈশাখ কাটছে সবার। করোনাভাইরাস কেড়ে নিয়েছে উৎসবের আনন্দ। আর সবার মতো মুশফিকুর রহিমও গৃহবন্দী থেকে ‘চুপচাপ’ পালন করছেন নববর্ষ। ‘চুপচাপ’ বলাটা বোধ হয় ঠিক হলো না। নতুন বছরের প্রথম দিনে ফেসবুকে নিজের পেজে কিছু বার্তা দিয়েছেন মুশফিক।


করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাঁরা জীবনঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, মুশফিক তাঁদের হৃদয় থেকে জানিয়েছেন সালাম, ‘আপনারা জানেন, সারা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আমি সকল আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র‌্যাব এবং আমাদের চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, যাঁরা প্রত্যক্ষভাবে এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন, যাতে আমরা নিরাপদে থাকতে পারি, তাঁদের অবশ্যই মন থেকে সালাম জানাচ্ছি। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’

করোনার বিস্তার ঠেকাতে এখন যে উপায়টা সবচেয়ে কার্যকর, সামাজিক দূরত্ব বজায় রাখা। নিরাপদে ঘরে থাকা। তবে ঘরে থেকেও লড়া যায় করোনার বিরুদ্ধে। মুশফিক তাই আহ্বান করছেন সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, ‘আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি সবাইকে সাহায্য করতে। আজকের এই দিনে সবাইকে আহ্বান করছি, যে যেভাবে পারেন সহযোগিতা করুন। মনে রাখবেন, আপনি এবং আপনার পরিবারের শুধু ভালো থাকলে চলবে না। আপনার আশপাশের মানুষ তথা পুরো দেশের মানুষ যেন ভালো থাকতে পারে। সবাই যেন সুস্থ থাকতে পারে। কারও যেন খাবারের অভাবে দিন পার না করতে হয়, সেটা দেখার দায়িত্ব আমার, আপনার সবার।’

মুশফিকের বিশ্বাস, সবার চেষ্টাই পারে কঠিন এই সময়টা জয় করতে, দ্রুত সময়ে করোনাকে হারিয়ে আবারও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে।