কারণ খুঁজছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ শুরুর আগে দুই দলের ছবি দুটি মনে পড়লে এখন অবিশ্বাস্য লাগতে পারে। একদিকে আত্মবিশ্বাসে টগবেগ অস্ট্রেলিয়া, অন্যদিকে সেই আত্মবিশ্বাসের খোঁজে হন্যে ইংল্যান্ড। কে ভেবেছিল ওই অস্ট্রেলিয়াকেই একটা টেস্ট হাতে রেখে সিরিজে হারিয়ে দেবে ইংলিশরা! গত বছর ৫-০ ব্যবধানে হারের বদলা নেবে এমন নির্মমভাবে।
ব্যর্থতার দায় নিয়ে এরই মধ্যে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওভালে পঞ্চম টেস্টটাই তাঁর বিদায়ী টেস্ট। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এই দলের অন্তত ৮ জনেরই টেস্ট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। সিরিজ শেষে বিপর্যয়ের কারণ পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যমে চলছে ইংল্যান্ড-বন্দনা। ইয়ান বোথাম-মাইকেল ভনরা অ্যালিস্টার কুকের দলের প্রশংসায় পঞ্চমুখ।
দেশের মাটিতে সর্বশেষ অ্যাশেজটাকে একেবারে একতরফা বানিয়ে জিতেছিল অস্ট্রেলিয়া। শুধু অ্যাশেজই নয়, দেশে সর্বশেষ পাঁচ টেস্ট সিরিজের ৪টিই জেতে অস্ট্রেলিয়া। কিন্তু গত দুই বছরে দেশের বাইরে সিরিজ হারে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের কাছে। বিদেশের মাটিতে এই ব্যর্থতার কারণটা ধরতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ট্রেন্ট ব্রিজ টেস্ট হারের পর পরশু মেলবোর্নে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘প্রতিটি সিরিজের পরই আমরা বসব ও পর্যালোচনা করব। দেশের বাইরে খেলাটা সহজ নয়। কিন্তু আমরা উন্নতি করতে পারি। আমরা বিশ্বের সেরা ক্রিকেট দল হতে চাই এবং এটা করতে বিদেশে আরও ভালো করতে হবে আমাদের।’ এ সময় কোচ ড্যারেন লেম্যানের ‘চাকরি থাকছে কি না’ এমন প্রশ্নও উঠেছে, জবাবে সাদারল্যান্ড বলেছেন, ‘হ্যাঁ’।
নিজের বাজে ফর্মের পাশাপাশি ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিচ্ছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে বিদায়ের ধরনটা যে ক্লার্কের বর্ণাঢ্য ক্যারিয়ারের সঙ্গে মানানসই হয়নি সেটা মানছেন সাদারল্যান্ডও। বিদায়ী অধিনায়ককে শুভকামনা জানিয়ে বলেছেন, ‘দুঃখজনকভাবে খেলায় সব সময় রূপকথার মতো সমাপ্তি বা সুখকর সমাপ্তি হয় না। সে (ক্লার্ক) যেভাবে শেষ করতে চেয়েছিল, সেভাবে পারছে না। কিন্তু ও নিজের ইচ্ছেমতো বিদায় নিচ্ছে। আর এটা তো ওর দুর্দান্ত ক্যারিয়ারের ক্ষুদ্র একটা মুহূর্তমাত্র। আমরা সবাই ওর দুর্দান্ত ক্যারিয়ারটাকেই মনে রাখব।’ সম্ভাব্য নতুন অধিনায়ক স্টিভেন স্মিথের ওপরও আস্থা রাখছেন সাদারল্যান্ড, ‘আমার মনে হয়, আমাদের এমন একজন আছে যার আগেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। সাম্প্রতিককালে তাকে বিশ্বের সেরা টেস্ট ক্রিকেটারও বলা হয়েছে। সুতরাং স্টিভেন এই চ্যালেঞ্জের জন্য তৈরি।’
পন্টিংয়ের সঙ্গে সুর মিলিয়ে সাবেক অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রাও বলছেন দলে বদল আসন্ন, ‘ওভালেই অস্ট্রেলিয়া দলে অনেক বদল আসবে। অনেকে বাদ পড়বে, কারও কারও ক্যারিয়ার শেষ হয়ে যাবে। পারফরম্যান্সই সবচেয়ে বড় বিচারক।’
অন্যদিকে দুর্দান্তভাবে অ্যাশেজ জয় ইংল্যান্ডের এই দলটাকে বিশ্বজয়ী এক দলে পরিণত করতে পারে বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। টেলিগ্রাফ-এ নিজের কলামে ভন লিখেছেন, ‘এ দলটার অপার সম্ভাবনা। আমার প্রত্যাশার চেয়েও দ্রুত সময়ে এরা সাফল্য এনে দিয়েছে।’ কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথামও মিরর-এ লিখেছেন, ‘এই দলের সীমানা আকাশ পর্যন্ত।’ এএফপি, রয়টার্স।