কারবেরির ক্যানসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরেই একটু অসুস্থ বোধ করছিলেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা সে কারণে খেলতে পারেননি মাইকেল কারবেরি। পরে গত মঙ্গলবার গেলেন চিকিৎসকের কাছে। সেখান থেকেই দুঃসংবাদটা পেলেন হ্যাম্পশায়ারের এই ইংলিশ ব্যাটসম্যান। পরীক্ষা-নিরীক্ষার পর ক্যানসার ধরা পড়েছে তাঁর শরীরে।

পরে হ্যাম্পশায়ারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কারবেরির একটা টিউমার আছে, যা ক্যানসারের লক্ষণযুক্ত। তবে চিকিৎসা শুরু করার আগে আরও পরীক্ষা করা হবে।’

২০১০ সালে চট্টগ্রামে বাংলাদেশের সঙ্গে টেস্ট অভিষেক হয় কারবেরির। ওয়ানডে অভিষেক এর বছর তিনেক পরে, আয়ারল্যান্ডের বিপক্ষে। সব মিলিয়ে দেশের হয়ে ৬টি টেস্ট, ৬টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। তবে সর্বশেষ টেস্ট ও ওয়ানডে দুটোই ২০১৪ সালে।

শুধু হ্যাম্পশায়ার ক্লাবই নয়, খবরটা শোনার পর কারবেরিকে শুভকামনা জানিয়েছেন অনেক সতীর্থ ও প্রতিপক্ষই। কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন টুইট করেছেন, ‘আমার বন্ধু কারবেরির দুঃসংবাদটা শুনলাম। পুরো ক্রিকেট পরিবারের মতো আমিও তোমার পাশে আছি।’ সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসন লিখেছেন, ‘সব সময় কেন ভালো মানুষগুলোর সঙ্গেই এমন হয়! সামনের দিনগুলোর জন্য শুভকামনা, বন্ধু।’ এএফপি।