কারস্টেন ডাকলেন সাকিবদের গুরুকে
>জাতীয় দলের জন্য কোচ খুঁজছেন গ্যারি কারস্টেন। সেই সঙ্গে চলছে জাতীয় দলের পর্যালোচনা। নিজের কাজের অংশ হিসেবেই আজ কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ডেকেছিলেন তিনি।

সোনারগাঁও হোটেলে সকালবেলাতেই চমক। গ্যারি কারস্টেনের খুদে বার্তা পেয়ে হাজির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দুই কোচের সাক্ষাৎকার পর্বটি গড়িয়েছে প্রায় ৩০ মিনিট।
বাংলাদেশের জন্য কোচ খোঁজার যে অভিযানে নেমেছেন এই দক্ষিণ আফ্রিকান, জাতীয় দলের সাবেক সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলা সেটিরই অংশ। সাকিবসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তাঁর সম্পর্ক গুরু-শিষ্যের।
সাক্ষাৎকার শেষে সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘তাঁর সঙ্গে কথা বলে ভালো লেগেছে। তিনি বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের ব্যাপারে জানতে চেয়েছেন। আমার ব্যাপারেও জিজ্ঞেস করেছেন তিনি।’
এর আগে সকালে কারস্টেনের সঙ্গে দেখা করেছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। ক্রিকেটারদের মধ্যে ছিলেন সাব্বির রহমান ও সৌম্য সরকার।