কারস্টেনকে ছোঁয়া হলো না ডু প্লেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসটা শুরুই করেছিলেন সেঞ্চুরি দিয়ে। ১ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেদিন ফাফ ডু প্লেসি থেমেছিলেন ১০৫ রানে। কিন্তু রানক্ষুধাটা সম্ভবত একটুও মেটেনি। শ্রীলঙ্কার বিপক্ষে কাল সিরিজের চতুর্থ ওয়ানডেতে কাল আবার করলেন সেঞ্চুরি! সেটি এমনই যে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্যারি কারস্টেনের সর্বোচ্চ রানের রেকর্ডটা (১৮৮) বেঁচেছে মাত্র তিন রানের জন্য। 

ডু প্লেসির ১৮৫, সঙ্গে এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি ককের দুটি ফিফটিতে কাল শ্রীলঙ্কার সামনে ৩৬৭ রানের পাহাড় দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে শ্রীলঙ্কাও অবশ্য দুর্দান্ত ব্যাটিং করছিল। এই প্রতিবেদন লেখার সময়ে ৪২ ওভারে ৪ উইকেটে তুলে ফেলেছে ২৮৮ রান। উপুল থারাঙ্গা আউট হয়েছেন ৯০ বলে ১১৯ রান করে।

দিনের শুরুতে শ্রীলঙ্কার বোলাররা হয়তো ভাবেনইনি এমন বেধড়ক পিটুনি খাবেন। দ্বিতীয় ওভারেই আউট হাশিম আমলা! কিন্তু অতটুকুই। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে প্রথমে ডি কক, পরে ডি ভিলিয়ার্সের সঙ্গে মিলে দুটি ঝোড়ো সেঞ্চুরি জুটিতে শ্রীলঙ্কান বোলারদের কচুকাটা করেছেন ডু প্লেসি। ১৪১ বলে ১৮৫ করে আউট হয়েছেন শেষ ওভারের দ্বিতীয় বলে, বাকি চারটি বলও খেলে যেতে পারলে ডাবল সেঞ্চুরি না হোক, কারস্টেনের রেকর্ডটা হয়তো ভেঙেই দিতেন।

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৬৭/৫ (ডু প্লেসি ১৮৫, ডি ভিলিয়ার্স ৬৪, ডি কক ৫৫, বেহারডিয়েন ৩৬*; পাথিরানা ২/৫৫, কুমারা ২/৭৩)  (অসমাপ্ত)