কারস্টেনের সঙ্গে বিসিবির কথা পাকা হবে আইপিএলের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারি কারস্টেনকে বাংলাদেশে দলের পরামর্শক হিসেবে আনতে চাইছে বিসিবি। ফাইল ছবি
গ্যারি কারস্টেনকে বাংলাদেশে দলের পরামর্শক হিসেবে আনতে চাইছে বিসিবি। ফাইল ছবি
>
  •  চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকে প্রধান কোচ খুঁজছে বিসিবি
  •  গ্যারি কারস্টেনের সঙ্গে আলোচনা করেছে বিসিবি
  • সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে দলের পরামর্শক হিসেবে চাইছে বিসিবি

বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে পাওয়ার অনেক চেষ্টাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের সঙ্গে কাজ করতে অনাগ্রহ নেই দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যানেরও। সমস্যাটা অন্যখানে। কারস্টেন যুক্ত আছেন বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন ও আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। এ দুই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আগ্রহী নন কারস্টেন। ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী এই কোচকে তবুও পেতে বিসিবির চেষ্টার কমতি নেই।
যেহেতু বছরের পুরোটা সময়ে পাওয়া যাবে না, বিসিবি কারস্টেনকে পেতে চায় দলের পরামর্শক (টিম কনসালট্যান্ট) হিসেবে। পরামর্শক হিসেবেও কারস্টেন কাজ করবেন কি না, সেটি এখনো চূড়ান্ত হয়নি। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস আজ বিকেলে সংবাদমাধ্যমকে বললেন, ‘চেষ্টা করছি, আপনারা জানেন যে দলের পরামর্শক হিসেবে গ্যারি কারস্টেনের নাম আগেই আমাদের সভাপতি বলেছিলেন। তিনি (কারস্টেন) আছেন আমাদের তালিকায়। তিনি আসবেন দলের পরামর্শক হিসেবে। তবে পাকাপাকিভাবে আলাপ এখনো হয়নি। আশা করি, আইপিএলের পরে হবে।’
অনেক দিন ধরেই কারস্টেনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। শেষ পর্যন্ত যদি ব্যাটে-বলে মিলে যায়, তবে কারস্টেনের ভূমিকাটা কী হবে, সেটি নিয়ে একটা ধারণা দিলেন জালাল ইউনুস, ‘শুধু মূল দল নয়, অনূর্ধ্ব-১৯, “এ” দল—পুরো কাঠামো নিয়ে হয়তো কাজ করবে। সে পূর্ণ ও দীর্ঘ মেয়াদেই কাজ করবে। টিম ডিরেক্টর নয়, দলের পরামর্শক হিসেবে কাজ করবে। পরামর্শ দেবে। তবে দলে প্রধান কোচ থাকবে, অন্য কোচিং স্টাফরা থাকবেন। সবার ওপরে পরামর্শক হিসেবে সে থাকবে।’
কারস্টেন যেহেতু ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে যুক্ত, বছরের পুরোটা সময় বাংলাদেশ তাঁকে পাবে না, বিসিবি সেটি মেনেই নিচ্ছে। জালাল বললেন, ‘যখন তার অ্যাসাইনমেন্ট থাকবে, তখন বাংলাদেশে থাকবে। ব্যস্ত থাকলে বা বাইরে অ্যাসাইনমেন্ট থাকলে আমরা বাধা দিতে পারব না।’ কারস্টেন নিয়ে যত আলোচনাই হোক, বিসিবির মিডিয়া কমিটির প্রধানের আসল কথা, ‘কারস্টেনের ব্যাপারটা এখনো নিশ্চিত নয়।’
অনেক দিন ধরে একজন ব্যাটিং কোচও খুঁজছে বিসিবি। ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জির সঙ্গে কথাবার্তা অনেক দূর এগোলেও এখনো কেন চূড়ান্ত হয়নি, সেটি পরিষ্কার নয়। কারস্টেন-ম্যাকেঞ্জি দুজনই যদি চূড়ান্ত হন, প্রধান কোচের কাজটা তখন কী হবে? জালালের ব্যাখ্যা, ‘কারস্টেন তো সারা দিন মাঠে থাকবেন না। তিনি অন্যান্য বিষয় নিয়ে থাকবেন। অবকাঠামো নিয়ে পরামর্শ দেবেন। প্রয়োজনে ডেভেলপমেন্টে কাজ করবেন। যেটা এডি বারলো করেছিলেন।’
জালাল ইউনুস আশাবাদী, জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বিসিবি প্রধান কোচ পেয়ে যাবে। শুধু প্রধান কোচ পেলেই শেষ হচ্ছে না, রিচার্ড হ্যালসল চলে যাওয়ায় একজন সহকারী কোচও খুঁজতে হচ্ছে বিসিবিকে।