কার্ডিফ বলেই আশাবাদী সরফরাজ
* ৪ সেপ্টেম্বর, ২০১৬। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে দিক হারিয়ে ফেলেছিল পাকিস্তানের ইনিংস। ৩০৩ রানের জয়ের লক্ষ্য তখনো বহুদূরের পথ। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে হাল ধরেছিলেন সরফরাজ আহমেদ। খেলেছিলেন দলকে জেতানো ৯০ রানের অসাধারণ এক ইনিংস।
* ১২ জুন, ২০১৭। কার্ডিফে আবার ঘুরে দাঁড়ানোর গল্প লিখল পাকিস্তান। এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। উপলক্ষ এবার আরও বড়। জিতলেই মিলবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের টিকিট। কিন্তু ২৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। সেমিফাইনাল আর শ্রীলঙ্কার মধ্যে তখন হাতছোঁয়া দূরত্ব। কিন্তু দেয়াল হয়ে দাঁড়ালেন সরফরাজ। ছয় নম্বরে নেমে অপরাজিত ৬১ রান করে দলকে ৩ উইকেটে জিতিয়ে মাঠ ছেড়েছেন পাকিস্তানের অধিনায়ক।
কার্ডিফ আর সরফরাজ—পাকিস্তানের সমর্থকদের কাছে অবশ্যই এখন প্রিয় দুটি নাম। আজ প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এই একই ভেন্যুতে খেলবে পাকিস্তান। প্রতিপক্ষ বেশ কঠিন। একে তো তারা স্বাগতিক। এর ওপর টুর্নামেন্টের সবচেয়ে ফেবারিট। কিন্তু ‘পয়া’ ভেন্যুতে খেলা। আর ত্রাতা সরফরাজ আছেন। পাকিস্তানের সমর্থকেরা স্বপ্নের জাল বুনতেই পারেন। কে কী ভাবছেন, কে জানে। খেলাটা কার্ডিফে বলেই সরফরাজ আশাবাদী হয়ে উঠেছেন, ‘আমরা (ইংল্যান্ডের বিপক্ষে) সর্বশেষ ওয়ানডেটা এখানে খেলেছি। সেবার ৩০০ রান (৩০২) তাড়া করে জিতেছিলাম। খেলাটা কার্ডিফে হচ্ছে বলেই আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে।’
পাকিস্তানকে সেমিফাইনালে তোলার পথে একদিক থেকে ইমরান খানকেও ছাড়িয়ে গেছেন সরফরাজ। আইসিসির টুর্নামেন্টের কোনো ওয়ানডেতে রান তাড়া করে জেতা ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলা পাকিস্তান অধিনায়ক এখন তিনি। ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারানো ম্যাচে ৪৪ রান করেছিলেন ইমরান। পরশু অসাধারণ ওই ইনিংস খেলার পর প্রশংসায় ভাসছেন সরফরাজ। নিজের ব্যাটিং নিয়ে উচ্ছ্বসিত তিনি নিজেও, ‘আমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি ইনিংস। পাকিস্তানের অধিনায়ক হিসেবে এমন ইনিংস খেললে আপনি মানসিকভাবে চাঙা থাকবেন।’
সরফরাজ জয়ের কৃতিত্ব সবচেয়ে বেশি দিয়েছেন বোলারদের। তবে মোহাম্মদ আমিরের ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন, ‘কৃতিত্ব বোলারদের, বিশেষ করে আমিরের। গুরুত্বপূর্ণ সময়ে বোলাররা খুব ভালো বোলিং করেছে। আর আমির সত্যি খুব ভালো খেলেছে। আমি তাকে শুধু একটা একটা করে বল খেলতে বলেছিলাম। আর বলেছিলাম, স্কোরবোর্ডের দিকে তাকিয়ো না।’ সরফরাজ বলেছেন, সপ্তম উইকেটের পতনের পর তিনি চাপ অনুভব করেছেন। কিন্তু আমির ছিলেন শান্ত ও সাবলীল।
ম্যাচে শ্রীলঙ্কার ফিল্ডাররা ক্যাচ ফেলেছেন তিনটি। তিনটিই লাসিথ মালিঙ্গার বলে। দ্বিতীয় ক্যাচটির সঙ্গে ম্যাচটাও যেন ফেলে দিয়েছেন থিসারা পেরেরা। ৩৯তম ওভারে সেই ক্যাচ ছিল সরফরাজের। তখনো জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৩ রান। সরফরাজ এটিকে দেখছেন ভাগ্য হিসেবে, ‘আমরা ভাগ্যবান ছিলাম যে ওরা ক্যাচগুলো ফেলেছে। তবে আমরাও স্নায়ু ধরে রেখেছি।’ শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ওই ক্যাচগুলোকেই দেখিয়েছেন হারের কারণ হিসেবে, ‘আমাদের আজকের (পরশু) পারফরম্যান্স ছিল হতাশাজনক। ক্যাচগুলো নিতে পারলে গল্পটা অন্য রকম হতে পারত।’ এএফপি, ক্রিকইনফো, আইসিসি।