কাল আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবার আইপিএল জিতেছিলেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড় মোস্তাফিজ। ফাইল ছবি
গতবার আইপিএল জিতেছিলেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড় মোস্তাফিজ। ফাইল ছবি

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে কাল ভারতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কা থেকে শুক্রবার দেশে ফিরেই নিজ বাড়ি সাতক্ষীরায় চলে গিয়েছিলেন এই পেসার। সেখানে দুদিনের ছুটি কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরেছেন। আইপিএল খেলতে ভারত যাওয়া নিয়ে মোস্তাফিজ বললেন, ‌‘যাওয়ার তো কথা ছিল আজই। সাপ্তাহিক ছুটি থাকায় ভিসা পেতে এক দিন দেরি হয়েছে। সব ঠিক থাকলে কাল বিকেলে রওনা দেব।’

ভারতে পা রেখেই ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে যাবেন মোস্তাফিজ। ১২ এপ্রিল হায়দরাবাদের ম্যাচটা খেলার কথা তাঁর। তবে এবার আইপিএলে কটা ম্যাচ খেলতে পারবেন, তা নিয়ে তিনি নিজেও দ্বিধায়, ‌‘এটা নিয়ে এখনো কিছু বলতে পারছি না। আয়ারল্যান্ড সফরের আগে দেশে ফিরতে পারি, আবার ভারত থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারি।’ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা ২৬ এপ্রিল। আগে সাসেক্সে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে দল। অবশ্য আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ মে।

গতবার সানরাইজার্সের হয়ে আইপিএল জিতেছিলেন মোস্তাফিজ। ওই আসরের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন। তাঁর বোলিং জন্ম দিয়েছিল আলোচনার।