কাল আসছেন মুস্তাফিজ

অ্যান্ড্রু ওয়ালেসের ছাড়পত্র পেয়ে যাওয়ার পর গত শুক্রবারই তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে আসার আগে দু-একটা দিন কিছু শপিং আর একটু ঘোরাঘুরি করে নিতে চাইলেন মুস্তাফিজুর রহমান। সেসব শেষ করে আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে দেশের উদ্দেশে উড়াল দেবেন তিনি। সিলেট ছুঁয়ে বিমানটির ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা কাল বেলা ১১টায়।
সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলতে মুস্তাফিজ লন্ডনে যান গত ২০ জুলাই। কিন্তু ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের দ্বিতীয় ম্যাচেই চোট পান বাঁ কাঁধে। এরপর আর একটি ম্যাচও খেলতে পারেননি। ১২ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে শল্যবিদ ওয়ালেস অস্ত্রোপচার করেন তাঁর কাঁধে। পুনর্বাসন-প্রক্রিয়া শেষ করে মুস্তাফিজের মাঠে ফিরতে অন্তত পাঁচ মাস লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে সব ঠিক থাকলে মাস খানেকের মধ্যেই ফিরতে পারার কথা নেটে।