কাল থেকেই এশিয়া কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ কবে শুরু? কেন ২৪ ফেব্রুয়ারি!

ভেবে না বললে উত্তরটা এ রকমই হওয়ার কথা। কাগজে-কলমে তা ভুল। এশিয়া কাপ আসলে শুরু হয়ে যাচ্ছে ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল থেকেই।

এবারের এশিয়া কাপে বাড়তি সংযোজন বাছাইপর্ব। কাল থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত তাতে খেলবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা ওমান। শুরুতে বাছাইপর্বের সব ম্যাচই ফতুল্লা স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও কাল এসিসির দেওয়া পরিবর্তিত সূচিতে শেষ দুটি ম্যাচ রাখা হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় বাছাইপর্বের শীর্ষ দল খেলার সুযোগ পাবে ২৪ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু চূড়ান্ত পর্বে। বাছাইপর্ব খেলতে কাল সকালে সবার আগে ঢাকায় পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত দল। বিকেলে ভারত হয়ে একই বিমানে চেপে এসেছে ওমান ও আফগানিস্তান। হংকং দলেরও চলে আসার কথা গতকাল রাতেই।

চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। এখানেও লিগ পদ্ধতিতে খেলা। শীর্ষ দুই দল খেলবে ৬ মার্চের ফাইনালে। বাংলাদেশ সেই ফাইনালে উঠে গেলে পড়বে মধুর এক সমস্যায়। তখন আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে, হংকংয়ের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের কোনোটিই খেলা হবে না। ধর্মশালায় ৪ মার্চের জিম্বাবুয়ে ম্যাচটি তো এর মধ্যেই মুছে ফেলা হয়েছে প্রস্তুতি ম্যাচের সূচি থেকে। ধর্মশালারই হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৫ মার্চ হবে হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

এশিয়া কাপের লিগ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে। তবে ফাইনালে ওঠা হচ্ছে কি না সেটা জানতে অপেক্ষায় থাকতে হতে পারে ৪ মার্চ লিগ পর্ব শেষ হওয়া পর্যন্ত। সে জন্য আগেই বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি। ফাইনালে উঠলে খেলা হবে না হংকংয়ের সঙ্গেও। সে ক্ষেত্রে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে ৭ মার্চ।

বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ খেলতে না-পারা নিয়ে অবশ্য খুব বেশি উদ্বিগ্ন নয় বিসিবি। জিম্বাবুয়ে-হংকংয়ের বিপক্ষে সেসব ম্যাচ খেলার চেয়ে এশিয়া কাপের ফাইনাল খেলাটাই নিশ্চয়ই বড়! মুঠোফোনে প্রধান নির্বাচক ফারুক আহমেদও সেটাই বললেন, ‘এশিয়া কাপের ফাইনালে না উঠলে আমরা কয়েকটা দিন সময় পাব ওখানে গিয়ে অনুশীলন করার। আর ফাইনাল খেলে গেলে তো আরও ভালো! তখন সেটাই হবে সবচেয়ে বড় প্রেরণা।’ দলসূত্রে অবশ্য জানা গেছে, ভারতের উইকেট-কন্ডিশনে খুব বেশি অনুশীলন না করেই ম্যাচ খেলতে নেমে যেতে হবে বলে কিছুটা চিন্তিত ক্রিকেটাররা। একজন তো এমনও বললেন, ‘বাংলাদেশ আর ভারতের কন্ডিশন প্রায় এক হলেও দুই দেশের উইকেটের চরিত্র কিন্তু পুরোপুরিই ভিন্ন। বিশ্বকাপের ম্যাচ খেলার আগে ওই ধরনের উইকেটে কয়েকটা দিন অনুশীলন করতে পারলে ভালো হতো।’ ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার অভিজ্ঞতা কম বলেই সেটা আরও বেশি জরুরি ছিল বলে মনে করেন ওই ক্রিকেটার।

 ৯ মার্চ হল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে তাই একটা ঘাটতি থাকবেই—ওই কন্ডিশনে ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকা। সেটার জন্য অবশ্য কাউকে দায় দেওয়া যাবে না। এবার এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিই এমন যে বাংলাদেশকে একসঙ্গে পা রাখতে হচ্ছে দুই নৌকায়।

চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প শেষ করে পরশু রাতে ঢাকায় ফিরেছে মাশরাফি বিন মুর্তজার দল। তিন দিন বিশ্রাম নিয়ে ঢাকায় অনুশীলন শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। দলের সঙ্গে তখন থাকবেন সাকিব আল হাসানও। দুবাইয়ে পিএসএল শেষ করে আজই ঢাকায় ফেরার কথা সাকিব ও এশিয়া কাপের দলে না থাকা তামিম ইকবালের।

এশিয়া কাপ ২০১৬ বাছাইপর্বের সূচি

১৯ ফেব্রুয়ারি    আফগানিস্তান-আমিরাত    বেলা ৩টা             ফতুল্লা

                      হংকং-ওমান               সন্ধ্যা ৭–৩০ মি.     ফতুল্লা

২০ ফেব্রুয়ারি    আফগানিস্তান-ওমান        বেলা ৩টা             ফতুল্লা

২১ ফেব্রুয়ারি    হংকং-আমিরাত              বেলা ৩টা             ফতুল্লা

২২ ফেব্রুয়ারি    আফগানিস্তান-হংকং         বেলা ৩টা             মিরপুর

                    আমিরাত-ওমান              সন্ধ্যা ৭–৩০ মি.    মিরপুর