কাল দেশে ফিরছেন মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের শততম টেস্টে খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর। ফাইল ছবি
বাংলাদেশের শততম টেস্টে খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর। ফাইল ছবি

পরশু পি সারা ওভালে শুরু বাংলাদেশের শততম টেস্টে মাহমুদউল্লাহ না থাকার যে ইঙ্গিতটা মিলছিল সেটাই সত্যি হয়েছে। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানিয়েছেন আগামীকাল সকালেই দেশে ফিরছেন ৩৩ টেস্ট খেলা এই টপ অর্ডার ব্যাটসম্যান। 

কলম্বো থেকে প্রথম আলোর প্রতিনিধি পবিত্র কুন্ডু জানিয়েছেন, আজ সকালেও দলের সঙ্গে অনুশীলনে এসেছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু তাঁকে মাঠে নামতে দেখা যায়নি। তাঁর চোখেমুখে ছিল রাজ্যের বিষণ্নতা। ড্রেসিংরুমে খানিক সময় কাটিয়ে স্থানীয় সময় ১২টার দিকে ফিরে গেছেন টিম হোটেলে।
তবে মাহমুদউল্লাহ দেশে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আবার শ্রীলঙ্কায় যাবেন কি না এটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খালেদ মাহমুদ অবশ্য মাহমুদউল্লাহর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি।
নিউজিল্যান্ডে রানের জন্য সংগ্রাম করা মাহমুদউল্লাহ ফিফটির (৬৪) দেখা পান গত মাসে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে। কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে আবারও নিজেকে হারিয়ে খুঁজছিলেন। গল টেস্টের দুই ইনিংসেই (৮ ও ০) ব্যর্থ মাহমুদউল্লাহর জায়গায় সম্ভবত খেলবেন ইমরুল কায়েস। বিকল্প ভাবনায় আছেন সাব্বির রহমানও। ২০১৫ সালের জুনে বাঁ হাতের তর্জনীতে চোটে পড়ে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে ছিলেন না মাহমুদউল্লাহ। এরপর টানা আট টেস্ট খেলে এবারই প্রথম বাদ পড়লেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।