কালকের প্রথম সেশনের দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ

খুলনা টেস্টের প্রথম দিনটি কার—বলাটা একটু কঠিনই বটে! উইকেটের দিক দিয়ে বাংলাদেশের ইনিংস তৃপ্তিদায়কই বলতে হবে। তবে রানটা আরও কিছু বেশি হলে দিনটিকে বলা যেত পুরোপুরি বাংলাদেশেরই। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ফিফটি করা মাহমুদউল্লাহ জানালেন, আসলে ম্যাচের গতি–প্রকৃতি নির্ভর করবে কালকের প্রথম সেশনের ওপরই।
মাহমুদউল্লাহ বললেন, ‘কালকের প্রথম সেশনের ওপর নির্ভর করবে অনেক কিছু। প্রথম সেশনে উইকেট কম হারালে বুঝতে পারব ম্যাচ কোন দিকে গড়াচ্ছে। উইকেট থাকলে আমরা ইতিবাচক খেললে হয়তো রান বাড়িয়ে নিতে পারব।’
প্রথম দিনে বাংলাদেশের মন্থর গতিতে এগোনো প্রসঙ্গে মাহমুদউল্লাহর জবাব, ‘এ উইকেটে রান করা সহজ নয়। ওরা বলও করেছে ভালো জায়গায়। ধৈর্য ধরে বাজে বলের অপেক্ষা করতে হয়েছে। তাড়াহুড়ো করলেই আরও উইকেট হারানোর শঙ্কা ছিল। আমাদের ব্যাটসম্যানরা বল নির্বাচন করেছে অনেক দেখেশুনে।’ আগামীকাল ‘দেখেশুনে বল নির্বাচনে’র ধারাটা বজায় থাকলে বড় ইনিংস গড়া মোটেও অসম্ভব হবে না বাংলাদেশের।
ওদিকে জিম্বাবুয়ে দলের প্রতিনিধি হয়ে আসা এল্টন চিগুম্বুরা সংবাদ সম্মেলনে দাবি করলেন, ‘আমি মনে করি আমাদের জন্য দিনটা খুবই ভালো কেটেছে।’ কীভাবে ভালো কাটল? বিষয়টির ব্যখ্যা দিলেন এভাবে, ‘এই উইকেটে ওদের ওভারপ্রতি দুই রানের মধ্যে আটকে রাখাটা সাফল্যই। এটা টেস্ট ক্রিকেট। এখানে এক দিনে সাত উইকেট ফেলে দেওয়ার আশা আপনি করতে পারেন না। রান রেট কমিয়ে রাখতে পারাটা আরও উইকেট ফেলারই সম্ভাবনা তৈরি করছে।’
জিম্বাবুয়েকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন তামিম ইকবাল। তবে বাংলাদেশের এ ওপেনারের ব্যাটিং আজ মোটেও স্বভাবসুলভ আক্রমণাত্মক ছিল না। এ প্রসঙ্গে চিগুম্বুরা বললেন, ‘প্রথম টেস্টে সে ভালো খেলেনি। সেজন্যই আজ অনেক বেশি সতর্ক ছিল। রান না পেলে অনেক সময় স্বভাববিরুদ্ধ খেলা খেলতে হয়। তামিম সেটাই করেছে।’