কালপাগের জন্য আর অপেক্ষা নয়
বাংলাদেশের ক্রিকেট থেকে রুয়ান কালপাগের বিদায়টা কি তাহলে হয়েই গেল! বিসিবি এখন সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করারই অপেক্ষায়। অপেক্ষা শেষ হয়ে যেতে পারে আজ-কালের মধ্যেও। গত ১ জুলাই থেকে নতুন চুক্তি কার্যকর হলেও নিরাপত্তার অজুহাতে এখনো কাজে যোগ দেননি জাতীয় দলের সহকারী কোচ কালপাগে। যত দ্রুত সম্ভব কাজে যোগ দেওয়ার কথা জানিয়ে দুদিন আগে বিসিবির পাঠানো ই-মেইলেরও কোনো জবাব দেননি কাল সন্ধ্যা পর্যন্ত।
হলি আর্টিজানের ঘটনার পর নাকি বাংলাদেশে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কালপাগে। আবার এটাও শোনা গেছে, তিনি সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের কোচ হওয়ার চেষ্টায় আছেন। পেশাদার কোচ হিসেবে সেটি যে কেউ করতে পারেন, কিন্তু অন্য কাউকে ঝুলিয়ে রেখে কেন?
জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল এবং ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ছুটি শেষে ঢাকায় ফিরে কাজ শুরু করে দিয়েছেন। বিদেশি কোচদের বাড়তি নিরাপত্তার জন্য বিসিবি সব রকম ব্যবস্থাই নিয়েছে। বনানীর ভাড়া করা বাসার পরিবর্তে তাঁদের আবাসস্থল এখন কুর্মিটোলা গলফ ক্লাব। দেওয়া হয়েছে দেহরক্ষীও। কালপাগের নিরাপত্তার অভাব বোধ করাটাকে বিসিবি তাই কালক্ষেপণের নামান্তরই মনে করছে। তাঁকে আর বেশি সময়ও দিতে রাজি নয় কেউ। ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান কাল বলেছেন, ‘আমরা খুব দ্রুতই ওর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলব। সর্বোচ্চ আর এক-দুই দিন দেখব।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে মনে হলো শ্রীলঙ্কান এই কোচ শেষ পর্যন্ত না এলেই হয়তো খুশি হবেন তাঁরা। কারণ, তাঁর পারফরম্যান্সে খেলোয়াড়-কর্মকর্তা কেউই সন্তুষ্ট নন। অন্তত এটা নিশ্চিত, নিজ থেকে না এলে তাঁকে ফেরানোর চেষ্টা করা হবে না। হিথ স্ট্রিকের ব্যাপারেও বিসিবি একই নীতি অনুসরণ করেছিল। এবার তো বিসিবি বিকল্প সহকারী কোচের কথাও ভেবে রেখেছে। কালপাগে না এলে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল পেতে পারেন সে দায়িত্ব। একই আভাস আকরামের কথায়ও, হ্যালসল অভিজ্ঞ এবং ভালো কোচ। একসময় ইংল্যান্ড দলেরও সহকারী কোচ ছিলেন। বিকল্প পছন্দ তিনিই হতে পারেন।