কালোদের জন্য নিরাপদ নয় নিউজিল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রাঙ্কলিন রোজ। ছবি-এএফপি
ফ্রাঙ্কলিন রোজ। ছবি-এএফপি

ফ্রাঙ্কলিন রোজ জানতেন না দেশটা ‘এমন’। তিনি বুঝতে পারেননি যে দেশটাকে তিনি নিরাপদ ভেবেছিলেন, সেই দেশই তাঁর সঙ্গে ‘এমন’ আচরণ করবে। সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলারের দাবি, ‘কালো’দের জন্য মোটেও নিরাপদ আশ্রয় নয় সাজানো-গোছানো, ছবির মতো দেশ নিউজিল্যান্ড। 

নিউজিল্যান্ডে গিয়েছিলেন তিনি ২০১১ সালে, একটি বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে। কিন্তু সেই যাত্রাই যে শেষ পর্যন্ত নরকযন্ত্রণায় পরিণত হবে, সেটা ভাবতেও পারেননি রোজ। ক্রিকেট খেলতে গিয়েই ভালো লেগেছিল দেশটা। ভেবেছিলেন পরিবার-পরিজন নিয়ে কাটিয়ে দেবেন সেখানেই। কিন্তু ২০১২ সালে তাঁর ওপর দুর্বৃত্তদের হামলার পর পাল্টে যায় পুরো পরিস্থিতিই। ওই হামলায় তাঁর ফুসফুসে রক্ত জমাট বাঁধায় বিমানযাত্রায় নিষেধাজ্ঞা দেন চিকিৎসকেরা। এর মধ্যে ভিসার মেয়াদ পেরিয়ে গিয়েছিল তাঁর। পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বেশ কিছু দিন কাটান এমটি ইডেন জেলে। গত এপ্রিলে তাঁকে জ্যামাইকায় ফেরত পাঠায় নিউজিল্যান্ড পুলিশ।
ইডেন জেলের সময়টা তাঁর জন্য ছিল নরকযাপনের যন্ত্রণা। তাঁর সঙ্গে ওখানে যেসব আচরণ হয়েছে, তা তিনি ভুলতে পারছেন না এখনো। ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। যদিও ওই ব্যাপারে বিচার শুরু করতে পারেনি নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। তবে রোজের দাবি, নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনী কালোদের ‘অপরাধী’ হিসেবেই জানে। তাদের সবারই বদ্ধমূল ধারণা, কালো মানুষ প্রায় সবাই অপরাধী।
টিভিএনডেজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ফাস্ট বোলার বর্ণনা দিয়েছেন নিউজিল্যান্ডে তাঁর ভয়ংকর অভিজ্ঞতার, ‘ক্রিকেট খেলতে গিয়ে আমি পরিকল্পনা করছিলাম নিউজিল্যান্ডে থেকে যাওয়ার। কিন্তু ২০১২ সালে অকল্যান্ডের উত্তর উপকূল টাকাপুনায় আমি এক ভয়ংকর বর্ণবাদী হামলার শিকার হই। এতে আমার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকেরা আমার বিমানভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এ কারণেই আমি নিউজিল্যান্ডে প্রায় চার বছর আটকে ছিলাম।’
তিনি দুঃখ করে বলেন, ‘পুলিশ আমার কাছে জানতে চেয়েছিল আমি মাদক ব্যবসায় কিংবা অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না। এ ধরনের প্রশ্ন আমার জন্য খুবই হতাশার ছিল। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম, আপনারা কী মনে করেন কেবল কালো মানুষই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত! আমাকে জেলে সাত সপ্তাহ আটকে রাখা হয়েছিল। আমার জন্য ওটা ছিল ভয়ংকর এক অভিজ্ঞতা। আমি দেখি, আমাকে রাখা হয়েছে ভয়ংকর, বাজে ধরনের সব অপরাধীর সঙ্গে। ক্রমিক খুনি, ধর্ষক, মাদক ব্যবসায়ীরা ছিল আমার জেলের সঙ্গী!’
এদিকে, নিউজিল্যান্ডের অভিবাসন সংস্থা জানিয়েছে, রোজ ২০১২ সালের মার্চ মাস থেকে অবৈধভাবে নিউজিল্যান্ডে বাস করছিলেন। তাঁকে গত এপ্রিলে জ্যামাইকায় ফেরত পাঠানো হয়েছে। তাঁকে প্রথমে স্বেচ্ছায় দেশে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেটা না করায় জোর করেই ফেরত পাঠাতে হয়।’
ফ্রাঙ্কলিন রোজ ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন। এই সময় তাঁর ১৯টি টেস্ট ও ২৭টি ওয়ানডে খেলার সুযোগ হয়। টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৫৩, ওয়ানডেতে ২৯। ব্যাট হাতে টেস্টে তাঁর একটি ৬৯ রানের ইনিংসও আছে।