কাশ্মীর থেকে আবার ঢাকায় পারভেজ রসুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারভেজ রসুল
পারভেজ রসুল

মাত্রই মোহামেডানের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জিতিয়ে ফিরেছেন। ড্রেসিংরুমের এসির মধ্যেও ঘামছেন দরদর করে। জার্সি বদলাতে একটু সময় চাইলেন পারভেজ রসুল। ‘এখানে আর্দ্রতা অনেক বেশি, আমার শহরে এখন তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রি হলেও এত আর্দ্রতা নেই’—প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে আসা ভারতীয় অলরাউন্ডারের চোখে যেন চিত্রিত হয় বিজবেহারা শহরটা। জম্মু-কাশ্মীরের যে শহরে তাঁর বেড়ে ওঠা।
পারভেজের ক্রিকেটার হয়ে ওঠাটা পাহাড়ি রাস্তার মতোই বন্ধুর। জম্মু-কাশ্মীরে রাজনৈতিক অস্থিতিশীলতা, সহিংসতা—এসব তো আছেই। এর চেয়েও বড় বাধা ক্রিকেটের জন্য অবকাঠামোগত দৈন্য। কীভাবে এই বাধা ডিঙালেন তিনি? পারভেজের উত্তর শুনে মনে হলো ইন্টারনেটই পালন করেছে তাঁর ‘কোচের’ ভূমিকা, ‘এখনকার ক্রিকেটে অনেক আধুনিকতার ছোঁয়া। সবকিছুই ইন্টারনেটে মেলে। অন্যরা কীভাবে খেলছে, সেটা দেখি। সেভাবেই নিজের স্কিলে উন্নতি আনার চেষ্টা করি।’
জন্মু ও কাশ্মীর থেকে তাঁর আগে কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। তাঁর পরও কেউ নয়। যদিও সেই আন্তর্জাতিক ক্যারিয়ার আপাতত থেমে আছে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতেই। কীভাবে এই অসাধ্য সাধন করেছেন তিনি? ব্যাটিং-বোলিংয়ের উন্নতিতে প্রযুক্তির সহায়ক ভূমিকা থাকলেও পারভেজের ক্রিকেটার হওয়ায় সবচেয়ে বড় অবদান এক মসলা ব্যবসায়ীর! ফারুক আমিন নামের সেই মসলা ব্যবসায়ী বয়সভিত্তিক ক্রিকেটে কীভাবে তাঁকে উৎসাহিত করেছিলেন, গত বৃহস্পতিবার বিকেএসপিতে সেই গল্পটা শোনাচ্ছিলেন পারভেজ, ‘জম্মু-কাশ্মীর থেকে তিনি কিছু তরুণ খেলোয়াড়কে বাছাই করেন। আমিও তার মধ্যে ছিলাম। এরপর দিল্লিতে কিছু ম্যাচ আয়োজন করে আমাদের প্রতিভা যাচাই করে দেখলেন। ওই প্রতিষ্ঠানের হয়ে খেলার সময় বয়সভিত্তিক ক্রিকেটে একটা পরিচিতি তৈরি হয় আমার। রঞ্জিতে আমার অভিষেক হয়ে যায় ২০০৮ সালে।’
পরের বছর নভেম্বরে খবরের শিরোনাম হন পারভেজ। তবে ক্রিকেটীয় কোনো কারণে নয়। অনূর্ধ্ব-২২ দলের এক টুর্নামেন্টে কর্ণাটকের বিপক্ষে তাঁর ম্যাচ ছিল বেঙ্গালুরুতে। সেখানেই পারভেজকে আটক করে পুলিশ। সন্দেহ, তাঁর খেলার সরঞ্জামের ব্যাগে বিস্ফোরক-জাতীয় কিছু থাকতে পারে। সন্দেহ অমূলক প্রমাণিত হওয়ায় দ্রুতই অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। মানসিকভাবে পারভেজ কতটা শক্ত, কর্ণাটকের সঙ্গে সে ম্যাচে করা ৬৯ রানই তার প্রমাণ।
বাধার পাহাড় ডিঙিয়ে চলা পারভেজের জীবনের বাঁকবদল ২০১২-১৩ মৌসুমে। ওই মৌসুমে রঞ্জিতে ৭ ম্যাচে ৫৪ গড়ে করলেন ৫৯৪ রান, অফ স্পিন বোলিংয়ে উইকেট নিলেন ৩৩টি। পরের মৌসুমেও ধারাবাহিকতার প্রতিচ্ছবি—৯ ম্যাচে ৫১ গড়ে ৬৬৩ রান, উইকেট ২৭টি। সেটিরই স্বীকৃতি পেলেন রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডারের ‘লালা অমরনাথ ট্রফি’ জয়ের মাধ্যমে। পুরস্কারটি যে তাঁকে কতটা অনুপ্রাণিত করছে, সেটি বলতে গিয়ে পারভেজের চোখ দুটি ঝিকমিকিয়ে ওঠে, ‘ওই পুরস্কারটা আমার জীবনের টার্নিং পয়েন্ট, অনুপ্রেরণার এক বিরাট উৎস। তবে আমি সবচেয়ে বেশি আলোচনায় আসি ২০১৩ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ৭ উইকেট নিয়ে।’
২০১৩ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেলেও পারভেজের স্বপ্নটা পূরণ হয়েছে পরের বছর। ২০১৪ সালের ১৫ জুন মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তাঁর ওয়ানডে অভিষেক। এ বছরের শুরুতে কানপুরে ইংল্যান্ডের বিপক্ষে হয়েছে টি-টোয়েন্টি অভিষেকও। এ ম্যাচে তাঁকে ঘিরে আরেক বিতর্ক। জাতীয় সংগীত গাওয়ার সময় পারভেজকে চুইংগাম চিবোতে দেখা গেছে! অন্য কেউ হলে হয়তো এটা চোখ এড়িয়ে যেতে পারত, কিন্তু পারভেজ রসুল জম্মু ও কাশ্মীরের বলে সেটি হয় তুমুল বিতর্কের বিষয়।
প্রসঙ্গটা তুলতেই পারভেজের মুখে বিরক্তির রেখা স্পষ্ট, ‘যখন আমার অভিষেক হচ্ছিল, কীভাবে বোলিং করব, কোন পরিস্থিতি কীভাবে সামলাব, আমার মাথায় এসবই খেলছিল। স্নায়ুচাপ কাটিয়ে উঠতে কোথায় আমাকে সমর্থন করবে, তা না করে কিছু সংবাদমাধ্যম আমাকে নিয়ে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করেছে।’
এসব বিতর্ক-টিতর্ক অবশ্য পারভেজ গায়ে মাখেন না। তাঁর চোখে এখন একটাই স্বপ্ন, ঢুকতে চান ভারতীয় টেস্ট দলে। যে দেশে তাঁর আন্তর্জাতিক অভিষেক, সেই বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। কাশ্মীরে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আগ্রহের কথাও শোনা গেল তাঁর মুখে, ‘বাংলাদেশ ভীষণ জনপ্রিয় ওখানে। খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান বেশি জনপ্রিয়।’
তবে পারভেজ রসুলের জনপ্রিয়তার কাছে নিশ্চয়ই সেটি এমন কিছু নয়। শুধু জনপ্রিয়ই নন, ভূস্বর্গের অনেক তরুণ ক্রিকেটারের আদর্শও তিনি। সমস্যাকীর্ণ কাশ্মীর উপত্যকা থেকেও ভারতীয় ক্রিকেটের চূড়ায় পৌঁছানো যায়, সেটি যে পারভেজ রসুলই দেখিয়েছেন।