কাশ্মীর নিয়ে আফ্রিদি
পোড়া কপাল আর কাকে বলে? ভারতের প্রশস্তি গাইতে গিয়ে কদিন আগে গাল শুনলেন সাবেক ক্রিকেটারদের। দেশের প্রতি ভালোবাসা দেখাতে গেলেন, তাতে শুনছেন ভারতের সমালোচনা। বিতর্ক যেন পিছু ছাড়ছেই না শহীদ আফ্রিদিকে। নতুন বিতর্কে জড়ালেন পরশু, নিউজিল্যান্ড ম্যাচে।
সেদিন টসের সময় আফ্রিদিকে দেখে গ্যালারি থেকে ভেসে এল সমর্থকদের উল্লাসের শব্দ। সেটি লক্ষ্য করে রমিজ রাজার মন্তব্য, ‘মোহালিতে তোমাদের ভক্ত অনেক দেখছি।’ সমর্থকদের এমন ভালোবাসা পেয়ে হৃষ্টচিত্তে সায় দিলেন আফ্রিদি, ‘হ্যাঁ, অনেক লোক আমাদের সমর্থন দিচ্ছে।’ এখানে থামলেই চলত, সবাই এতেই সন্তুষ্ট থাকত। কিন্তু আফ্রিদির মুখ থামল না, আরও যোগ করলেন, ‘এদের অনেকেই কাশ্মীর থেকে এসেছেন!’
সমর্থক প্রসঙ্গে এভাবে কাশ্মীরকে টেনে আনায় খেপে গেছেন বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর, ‘এ ধরনের কথা বলা রাজনৈতিকভাবে ঠিক না। খেলোয়াড়দের এসব থেকে দূরে থাকা উচিত। এসব কারণেই পাকিস্তানে ওঁর সমালোচনা হয়।’ ভারতের কাছ থেকে পাওয়া ‘বেশি ভালোবাসা’ কি তাহলে এবার কমে যাবে আফ্রিদির! আইবিএন।