অ্যান্টিগা টেস্টের আগে আলোচনা যা ছিল তা পুরোটাই স্পিন নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা পূর্বাভাস মেলাতে পারেননি, ভারতীয়রা পেরেছেন। প্রথম ইনিংসে পেসাররা বেশি উইকেট তুললেও দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন একাই নেন ৭ উইকেট। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ৯২ রানে হারিয়ে এশিয়ার বাইরে সবচেয়ে বড় জয়টি পায় ভারত।
প্রথম টেস্ট শেষ হয়েছে ছয় দিন আগে। আজ জ্যামাইকার কিংস্টনে শুরু হচ্ছে চার ম্যাচ সিরিজের দ্বিতীয়টি। কিংস্টনে অবশ্য প্রায় নতুন করেই শুরু করতে হচ্ছে দুই দলকে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেটের সঙ্গে কোনো মিলই নেই স্যাবাইনা পার্কের। ঘাসে ভরা উইকেট নিয়েই অপেক্ষা করছে ফাস্ট বোলারদের চারণভূমি। চারণভূমিই, কারণ গত ১০ বছরে টেস্টে এই মাঠেই উইকেটপিছু সবচেয়ে কম রান (২২.১২) খরচ হয়েছে পেসারদের। ২৬.২০ গড় নিয়ে অনেকটা পেছনে থেকে দ্বিতীয় ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজ।
পেসবান্ধব উইকেটও তো স্বস্তি দিতে পারছে না ওয়েস্ট ইন্ডিজকে। একটা সময় ক্যারিবিয়ানের দ্রুতগতির উইকেটে ওয়েস্ট ইন্ডিজের চার ফাস্ট বোলারের সামনে পেটে প্রজাপতির নাচন টের পেত প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। সেদিন গেছে অনেক আগেই। প্রথম টেস্টে এক শ্যানন গ্যাব্রিয়েল ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেননি অন্য কোনো ক্যারিবীয় পেসার।
অবস্থা কি পাল্টাবে স্যাবাইনা পার্কে? বিরাট কোহলিদের ঠেকাতে ব্যবস্থাপত্রে নতুন কিছু যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন মুখ আলজারি জোসেফ সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে দ্রুতগতির বলটি করেছিলেন চট্টগ্রামে। জোসেফ কি আজ একাদশে থাকবেন? উত্তরটা কাল পর্যন্ত পাওয়া যায়নি। তবে পরশু মারলন স্যামুয়েলস বলে দিয়েছেন তিনি নির্বাচক হলে জোসেফকে অবশ্যই একাদশে রাখতেন।
এই টেস্টেও পাঁচ বোলারকে খেলানো হবে কি না সেটি নিয়ে ভাবতে হচ্ছে ভারতকে। একাদশ থেকে ছিটকে যেতে পারেন লেগ স্পিনার অমিত মিশ্র। ফেরার সম্ভাবনা আছে পেস বোলিং অলরাউন্ডার স্টুয়ার্ট বিনির। প্রথম টেস্টে চোট পাওয়া ওপেনার মুরালি বিজয় খেলতে পারবেন কি না সংশয় আছে। তথ্যসূত্র: ক্রিকইনফো।