১০০ তোলার আগেই কিউইদের ৫ উইকেট নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাপটিলকে তুলে নেওয়ার উল্লাস আমিরের। ছবি: এএফপি
গাপটিলকে তুলে নেওয়ার উল্লাস আমিরের। ছবি: এএফপি
>পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড

এজবাস্টনে মাথার ওপর কালো মেঘ দেখেও কেন উইলিয়ামসন কেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন? এ প্রশ্নটা উঠতেই পারে। তার আগে আবার একচোট বৃষ্টিও হয়েছে। খেলা নির্ধারিত সময়ে মাঠে না গড়ালেও কোনো ওভার কাটা পড়েনি। তবে পেসবান্ধব কন্ডিশনে নিউজিল্যান্ডের ওপেনিং জুটিও বেশিক্ষণ টিকতে পারেনি। প্রতিপক্ষের ইনিংসে নিজের প্রথম বলে উইকেট নেওয়াকে মোহাম্মদ আমির যে প্রায় অভ্যাসে পরিণত করেছেন!

সেমিতে ওঠার আশা জিইয়ে রাখতে জয়ের বিকল্প নেই—এ সমীকরণ মাথায় নিয়ে আগে বোলিং করছে পাকিস্তান। পেসবান্ধব কন্ডিশনেও অধিনায়ক সরফরাজ আহমেদ শুরুটা করিয়েছেন স্পিনার মোহাম্মদ হাফিজকে দিয়ে। প্রথম বলেই তাঁকে চার মেরে দারুণ শুরু করেছিলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। কিন্তু পরের ওভারেই কন্ডিশনের ফায়দা তুলে নেন আমির। তাঁর প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন গাপটিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৮৪। উইকেটের এক প্রান্ত ধরে রেখেছিলেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। ব্যক্তিগত ৪১ রানে শাদাব খানের লেগ স্পিনে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন এ ব্যাটসম্যান। জিমি নিশামের সঙ্গে এখন ব্যাট করছেন কলিন ডি গ্র্যান্ডহোম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচেও নিজের প্রথম বলে হাশিম আমলাকে তুলে নিয়েছিলেন আমির। সেদিনের মতো আজও ইনিংসের দ্বিতীয় ওভারে তাঁর হাতে বল তুলে দেন সরফরাজ। প্রথম ডেলিভারিটা করেছিলেন অফ স্টাম্পের একটু বাইরে ফুল পিচ ডেলিভারি। বল সুইং করে ভেতরে ঢুকতে পারে, সম্ভবত তা ভেবেই ড্রাইভ করেছিলেন গাপটিল। বল তাঁর ব্যাটের কানায় লেগে উইকেট ভেঙে দেয়। ৫ রান করে গাপটিল ফেরার পর দ্বিতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে ১৯ রানের জুটি গড়ে আউট হন আরেক ওপেনার কলিন মানরো।

পেসার শাহিন আফ্রিদির গতির কাছে হার মেনে স্লিপে ক্যাচ দেন মানরো (১২)। নিজের পরের ওভারে রস টেলরকেও গতির আগুনে পুড়িয়েছেন আফ্রিদি। তাঁর লেংথ বলে খোঁচা মারতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছিলেন টেলর। ডান দিকে ডাইভ দিয়ে অবিশ্বাস্য দক্ষতায় এক হাতে ক্যাচটি ধরেন অধিনায়ক ও উইকেটরক্ষক সরফরাজ। আমিরের তুলনায় আফ্রিদির গতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে কিউইদের। লাথামকেও উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেছেন আফ্রিদি। নিউজিল্যান্ডের পতন হওয়া ৪ উইকেটের ৩টি নিয়েছেন আফ্রিদি।

পাকিস্তানের বিপক্ষে আজ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দুইয়ে উইলিয়ামসনের দল।