কিউই কোচের 'অদ্ভুত' চাওয়া
মাইক হেসনের কথা শুনে প্রথমে ‘আত্মঘাতী’ই মনে হতে পারে। নিউজিল্যান্ড কোচ ‘জেনেশুনে বিষপান’ করতে যাচ্ছেন বলেও সন্দেহ জাগতে পারে। নাহলে ওভাবে কেউ দলকে আবারও নাস্তানাবুদ হওয়ার সম্ভাবনার সামনে ঠেলে দেয়?
তা কী এমন বলেছেন হেসন? খুবই সাধারণ চাওয়া—দ্বিতীয় টেস্টে কিউই কোচ প্রথম টেস্টের চেয়েও বেশি সবুজ পিচ চেয়েছেন! প্রশ্নও এখানেই। প্রথম টেস্টের প্রথম ইনিংসে যেখানে সবুজ পিচে ধুঁকেছে নিউজিল্যান্ড, সেখানে দ্বিতীয় টেস্টে এর চেয়েও বেশি সবুজ পিচ চাওয়া কি আত্মঘাতী নয়?
সরল চোখে দেখলে হয়তো তা-ই। ওয়েলিংটনে প্রথম টেস্টের পিচ ছিল সবুজ, তাতে মহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। নিউজিল্যান্ডের ভাগ্যলিখনও ওখানেই হয়ে গেল। হ্যাজলউড-সিডলদের সুইংয়ের বিষে ১১.১ ওভারেই চলে গিয়েছিল ৫ উইকেট। শেষ পর্যন্ত চা-বিরতির আগেই অলআউট হওয়া নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল মাত্র ১৮৩, ম্যাচ হেরেছিল ইনিংস ও ৫২ রানে। এতেই প্রশ্ন উঠছে, দ্বিতীয় টেস্টে আরও সবুজ পিচে যদি অস্ট্রেলিয়াই টস জেতে, তাহলে কী করবে নিউজিল্যান্ড? অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ী ম্যাচ, সিরিজে ফেরার ম্যাচ—সেটি কি আরেকটি লজ্জা দিয়েই শেষ হবে?
সেটি বলা মুশকিল। তবে হেসন তাঁর চাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন গতকাল, ‘(প্রথম দিনে) বল শুধু প্রথম দুই ঘণ্টা সুইং করেছে। এই কারণে দুই পক্ষকেই একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়নি।’ স্কোরবোর্ড অবশ্য হেসনের পক্ষেই বলছে, একই পিচে প্রথম ইনিংসে যে অস্ট্রেলিয়া করেছে ৫৬২! এ কারণেই এমন পিচ চাচ্ছেন কিউই কোচ, যেটি আরও বেশি সময় সুইং করবে, ‘মানতেই হবে ওরা ভালো জায়গায় বল ফেলেছে, বলও সুইং করেছে। তবে একই পরিস্থিতিতে আমরাও একই কাজ করতাম। আপনি নিশ্চয়ই চাইবেন, দুই দলই একই রকম সুইংয়ের সামনে পড়ুক।’ এএফপি।