কিউই ক্রিকেটারদের 'এফএনএফ'
কখনো দেখেছেন, খেলোয়াড় দাঁড়িয়ে আছেন ভক্তের অপেক্ষায়? কখন ভক্ত আসবেন, কখন তিনি অটোগ্রাফ দেবেন!
অপরিচিত এই দৃশ্যটাই দেখা গেল মাউন্ট মঙ্গানুইয়ে। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে মাঠ ছাড়ছিলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা। বাংলাদেশের ক্রিকেটারদের মতো মাঠ থেকে সোজা ড্রেসিংরুমের সিঁড়ি দিয়ে উঠে চলে গেলেন না। তাঁরা এলেন বে ওভালের ড্রেসিংরুম লাগোয়া গ্যালারির পাশ দিয়ে সারিবদ্ধভাবে হাঁটতে হাঁটতে।
গ্যালারির ফেন্সের ওপারে দর্শক, আর মাঠের দিকে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। খেলোয়াড়েরা একজন একজন করে আসছেন আর ফেন্সের ওপার থেকে ভক্ত-সমর্থকেরা তাঁদের দাঁড় করিয়ে ব্যাটে-টি-শার্টে অটোগ্রাফ নিচ্ছেন, ছবি তুলছেন। ম্যাচ শেষ হওয়ার পর প্রায় ঘণ্টা খানেক ধরে দেখা গেল এ দৃশ্য। কারও মধ্যে এতটুকু বিরক্তি নেই। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ক্রিকেটটা যেন ভক্ত-সমর্থকদের জন্যই খেলেন।
তাই হওয়া উচিত অবশ্য। দর্শক পকেটের পয়সা খরচ করে মাঠে আসে বলেই তো ক্রিকেট এত জনপ্রিয়। দর্শকবিহীন গ্যালারিতে শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচেও রোমাঞ্চ কোথায়? দর্শকই ক্রিকেটের প্রাণ, এই সত্যিটা সবচেয়ে ভালো বোঝেন বোধ হয় নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা।
জেমস নিশাম, কলিন মানরো, টম ব্রুস, বেন হুইলার, কোরি অ্যান্ডারসন—দর্শকদের অটোগ্রাফ আর ছবি তোলার আবদার মেটালেন সবাই। ব্রুসকে তো দেখা গেল বাংলাদেশ দলের জার্সি গায়ে দিয়ে আসার এক খুদে দর্শকের কাছ থেকে নিজেই অটোগ্রাফের খাতা চেয়ে নিয়ে অটোগ্রাফ দিতে! অনেকে আবার নিজেই দর্শকের কাছ থেকে মোবাইল নিয়ে সেলফি তুললেন।
ছবি তোলা আর অটোগ্রাফ দেওয়া ছাড়া দু-একজন ক্রিকেটারকে দর্শকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দিতে দেখা গেল। এখানকার দর্শকদেরও প্রশংসা করতে হয়। প্রিয় তারকাদের এত কাছে পেয়েও কারও মধ্যে বাড়াবাড়ি নেই। ক্রিকেটাররা যেমন তাঁদের অনুরোধে সাড়া দিয়ে কাছে আসছেন, দর্শক-সমর্থকেরাও জানেন তাঁদের গণ্ডি কতটুকু। খেলোয়াড়দের কাছে যাওয়ার শখ সেটুকুর মধ্যে থেকেই পূরণ করে নিচ্ছেন সবাই। খেলোয়াড়দের বিরক্ত করা নেই, বাজে মন্তব্যের তো প্রশ্নই ওঠে না।
দর্শকদের ভিড়ে মিশে ছিলেন অনেক খেলোয়াড়ের স্ত্রী-সন্তানেরা। খেলা শেষে ড্রেসিংরুমের আশপাশে চলে এলেন তাঁরাও। খেলার বাইরে ক্রিকেটারদের সময়টা যেন ‘ফ্যানস অ্যান্ড ফ্যামিলি’ সবার জন্যই।