কিউই ঝড়ে উড়ে গেল পাকিস্তান
অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭১ রান করে ১৬ রানে জিতে গিয়েছিল পাকিস্তান। সেই হিসাবে হ্যামিল্টনে কালকের ১৬৯ রান মোটেই কম ছিল না। কিন্তু তাড়া করতে নেমে এই রানটাকে ছেলেখেলা বানিয়ে ফেললেন মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। দুই কিউই ব্যাটসম্যানের রেকর্ড জুটিতে উড়েই গেল পাকিস্তান। নিউজিল্যান্ড ম্যাচ জিতল ১৪ বল হাতে রেখে ১০ উইকেটেই!
ওপেনিংয়ে নেমে টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন গাপটিল-উইলিয়ামসন। অবিচ্ছিন্ন ১৭১ রানের জুটিতে ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও লুটস বসম্যানের রেকর্ড। ২০০৯ সালে সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে ১৭০ রানের জুটি গড়েছিলেন স্মিথ-বসম্যান। এত দিন টি-টোয়েন্টিতে যেকোনো জুটিতে ওটাই ছিল সর্বোচ্চ রান। ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালাম জেসি রাইডারের গড়া ১৩০ রানের জুটিটা ছিল ওপেনিংয়ে নিউজিল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ।
কাল ৮৭ রানে অপরাজিত গাপটিলের ৬০ রানই এসেছে চার-ছক্কায়, ৯টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা। উইলিয়ামসনের ৭২ রানে আছে ১১টি চার। দুজনেরই স্ট্রাইক রেট ১৫০! গাপটিল-উইলিয়ামসন তাণ্ডবে লন্ডভন্ড হয়েছেন পাকিস্তানি বোলাররা। সর্বশেষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির ৩ ওভারে দিয়েছেন ৩৪ রান, ওয়াহাব রিয়াজ ৩ ওভারে ৩০, উমর গুল ২ ওভারে ১৮, শহীদ আফ্রিদি ৪ ওভারে ৩৮—অসহায় ছিলেন সবাই।
দুর্দান্ত ব্যাটিংয়ে দারুণ একটা রেকর্ডের মালিক হয়েছে নিউজিল্যান্ডও। ২০১৩ সালে কিউইদের বিপক্ষেই ১৪০ তাড়া করে ১০ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। এত দিন টি-টোয়েন্টিতে সেটিই ছিল বিনা উইকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। কাল বিনা উইকেটে ১৬৯ রান তাড়া করে জিতে সেই রেকর্ডটা নতুন করে লিখল নিউজিল্যান্ড।
গাপটিল-উইলিয়ামসনের ঝড়ে বৃথা গেছে উমর আকমলের ২৭ বলে অপরাজিত ৫৬ রানের দুর্দান্ত ইনিংসটি। ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী শুক্রবার। ক্রিকইনফো।