সর্বশেষ ওয়ানডেটা খেলেছেন ২০১০ সালের মার্চে। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জার্সি গায়ে তাঁকে সর্বশেষ খেলেছেন ২০১৩ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে। এখনো কোনো টেস্ট খেলার সুযোগ হয়নি নিল ব্রুমের। কিন্তু কিউই এ ব্যাটসম্যান হাল ছাড়েননি। নিউজিল্যান্ডের হয়ে আবার খেলার স্বপ্ন দেখে গেছেন, চেষ্টাও করেছেন। ব্রুমের সেই স্বপ্ন হয়তো সত্যি হতে চলেছে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন ক্রাইস্টচার্চের এই ব্যাটসম্যান।
দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লুক রনকিও। বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজের দলে থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান বিজে ওয়াটলিং, ব্যাটসম্যান হেনরি নিকোলস ও লেগ স্পিনার টড অ্যাস্টল।
২০০৯ সালের জানুয়ারিতে অভিষেকের পর পরের বছর মার্চ পর্যন্ত দেশের হয়ে ২২টি ওয়ানডে খেলেছেন ব্রুম। একই বছর টি-টোয়েন্টিতেও অভিষেক, সব মিলিয়ে এই সংস্করণে খেলেছেন ১০টি ম্যাচ। ওয়ানডেতে ১৭.৫২ গড়ে ৩৩৩ রান, টি-টোয়েন্টিতে ১৩.৪০ গড়ে ৬৭। এ রকম পারফরম্যান্সের পর দলে নিয়মিত থাকার প্রশ্নই আসে না। তবে সম্প্রতি নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ৫৯ গড়ে ৩৫৪ রান করেছেন ব্রুম। ২০১৫-১৬ মৌসুমেও ফোর্ড ট্রফিতে ৯ ম্যাচে তিন সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরিসহ ৮৪.৬৬ গড়ে ৫০৮ রান করেছিলেন। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানও তাঁরই ছিল। এই পারফরম্যান্সের পুরস্কারই পেলেন ব্রুম। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে রস টেলরের জায়গায় চার নম্বরে ব্যাট করার সুযোগ পেতে পারেন। বাঁ চোখে অস্ত্রোপচার হওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকছেন না টেলর।
ওয়াটলিং বাদ পড়েছেন বাজে ফর্মের কারণে। দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া—পরপর চারটি দলের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে রান খরা গেছে তাঁর। সর্বশেষ ১৬টি আন্তর্জাতিক ম্যাচে কোনো ফিফটি নেই!
ওদিকে ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে সর্বশেষ চার ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি রনকির। দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে সিরিজে বাজে পারফরম্যান্সের পর বাদ পড়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে। এক সিরিজ পরই ফিরলেন দলে!
২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেটি খেলবে নিউজিল্যান্ড-বাংলাদেশ। পরের দুটি ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে। ক্রিকইনফো।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, লকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মানরো, জেমস নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, টিম সাউদি।