কিউই পেসে ছত্রখান পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ নিউজিল্যান্ড ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকেই ম্যাচসেরা কলিন ডি গ্র্যান্ডহোম।
চতুর্থ নিউজিল্যান্ড ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকেই ম্যাচসেরা কলিন ডি গ্র্যান্ডহোম।

নিউজিল্যান্ডকে ১৫০ থেকে ১৭০ রানের লক্ষ্য দিতে পারলে পাকিস্তানেরও সুযোগ থাকবে, বলেছিলেন পাকিস্তান কোচ মিকি আর্থার। তাঁর দল দিতে পারল মাত্র ১০৫ রানের লক্ষ্য! ফলে যা হওয়ার তা-ই হলো। দুটি মাত্র উইকেট হারিয়েই ম্যাচ জিতে নিল কেন উইলিয়ামসনের দল।
বৃষ্টিতে প্রথম দিনে একটি বলও হয়নি। তারপরও ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হয়ে গেল চতুর্থ দিনের চা-বিরতির আগেই। হ্যাগলি ওভালের উইকেট এতটাই কঠিন হয়ে উঠেছিল ব্যাটসম্যানদের জন্য! পাকিস্তানের ব্যাটসম্যানরাই ভুগেছেন বেশি, ভোগান্তির কারণ অবশ্যই কিউই পেসাররা। প্রথম ইনিংসে ১৩৩ রানে অলআউট মিসবাহ-উল-হকের দল টেনেটুনে ১৭১ করেছে দ্বিতীয় ইনিংসে। নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন জয়ের পুরো কৃতিত্বটাই দিলেন পেসারদের, ‘যেভাবে আমাদের চার সিমার বল করেছে, একজনের পর অন্যজন এসে ছন্দ ধরে রেখেছে, সেটা অসাধারণ। ওদের পরিশ্রমের পুরস্কার পেয়েছে পুরো দল।’
উইলিয়ামসনের সঙ্গে খুব একটা দ্বিমত নেই পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলীর। তবে কিউই পেসারদের সাফল্যে উইকেটেরও ভূমিকা দেখেন আজহার, ‘আমি আন্তর্জাতিক ক্যারিয়ারে যত জায়গায় খেলেছি, এর চেয়ে সিমবান্ধব উইকেট আর দেখিনি। আর এটা যেহেতু নিউজিল্যান্ডের নিজের মাঠ, ওরা সেই সুবিধাটুকু তো পাবেই।’
৭ উইকেটে ১২৯ রান নিয়ে দিনটা শুরু করেছিল পাকিস্তান। কিউইদের বড় লক্ষ্য দেওয়ার জন্য পাকিস্তান যাঁর দিকে সবচেয়ে বেশি তাকিয়ে ছিল সেই আসাদ শফিক আউট হয়ে গেছেন শুরুতেই। এরপরও পাকিস্তানের রানটা ১৭১ পর্যন্ত গেছে মূলত পেসার সোহেল খানের ৩৯ বলে ৪০ রানের ছোটখাটো ঝড়ে।
তাড়া করতে নেমে অবশ্য প্রায় ওয়ানডে গতিতে রান তুলেছেন উইলিয়ামসনও। ৭৭ বলে ৪টি চার ও এক ছক্কায় ৬১। সঙ্গে অভিষিক্ত জিৎ রাভালের অপরাজিত ৩৬ খুব সহজেই জয় এনে দেয় নিউজিল্যান্ডকে। ২২ বছর বয়সী বাঁহাতি ওপেনার রাভাল হাফ সেঞ্চুরি করেছিলেন প্রথম ইনিংসেও। তবে ম্যাচসেরা হয়েছেন অভিষেকে দেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়া কিউই পেসার কলিন ডি গ্র্যান্ডহোমই। ক্রিকইনফো।