পাকিস্তানের হারের বড় কারণ কোনটি? ৯৯ রানে নিউজিল্যান্ডের ৬ উইকেট ফেলে দিয়েও তাদের ২০০ রানের মধ্যে বেঁধে রাখতে না পারা? নাকি নিজেরা ২ উইকেটে ১১৮ রান তোলার পরও ২১০ রানে অলআউট হয়ে যাওয়া?
এই প্রশ্নে দুই রকমের মতামত পাকিস্তান দলে। অধিনায়ক আজহার আলী বললেন, ‘শেষ দিকে ওরা (নিউজিল্যান্ড) কিছু রান বেশি করে ফেলেছে। কিন্তু ২৮০ রানও তাড়া করার মতোই ছিল। মাঝে মোহাম্মদ হাফিজ আর বাবর আজমের উইকেট দুটিই আমাদের খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে।’
তার মানে দলীয় ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই বড় করে দেখছেন আজহার। কিন্তু পাকিস্তানের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের মুখে অন্য কথা, ‘সত্যি বললে, আমাদের উচিত ছিল ওদের ২০০ রানের মধ্যে অলআউট করে দেওয়া। শুরুর দিকে শর্ট বল কাজে লেগেছিল বলে আমরা ওটাই করতে থাকলাম অনবরত। এত শর্ট বল না করে কিছু ইয়র্কার দিলেও হতো।’ তার মানে, তাঁর চোখে দায়টা বোলারদেরও।
কারণ যেটাই হোক, ব্যাটিং ও বোলিংয়ের এই সম্মিলিত ব্যর্থতা শেষ পর্যন্ত কাল ওয়েলিংটনের বেসিন রিজার্ভে পাকিস্তানকে উপহার দিয়েছে ৭০ রানের হার। দুর্দান্ত জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল।
অথচ একটা সময় মনে হচ্ছিল নিউজিল্যান্ড বুঝি ২০০ করতেই পারবে না। স্কোরবোর্ডে ১০০ জমা হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে ফেলার পরও নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ২৮০ রান পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব তিন টেলএন্ডার—মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি আর মিচেল ম্যাকলেনাহানের। প্রথম দুজন করেছেন ৪৮ করে, তৃতীয়জন আহত হয়ে মাঠ ছাড়ার আগে ১৮ বলে ৩১! ওয়ানডেতে এই প্রথম কোনো দলের ৮, ৯ ও ১০ নম্বরে ব্যাট করতে নেমে তিন ব্যাটসম্যানই ৩০ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস খেললেন। এর আগে পাকিস্তানি বোলারদের তোপের মুখে এক প্রান্ত আগলে রেখে ম্যাট নিকোলস খেলেন ৮২ রানের চমৎকার এক ইনিংস। প্রথম ২৫ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ১০৯, তারাই শেষ ২৫ ওভারে তুলেছে ১৭১!
রান তাড়া করতে এসে ৩৭ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। পর পর দুই ওভারে আজহার ও শেহজাদকে ফিরিয়ে দেন এলিয়ট। তবে হাফিজের সঙ্গে ৮১ রানের জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে রাখেন আজম। হাফিজকে (৪২) ফিরিয়ে সেই জুটি ভাঙেন উইলিয়ামসন। তারপরও ৪ উইকেটে ১৬৮ তুলে ম্যাচে ছিল পাকিস্তান। কিন্তু পরের ২ রান করতে আরও ২ উইকেট হারিয়ে হয়ে যায় ৬ উইকেটে ১৭০। সেখান থেকে আর ঘুরেও দাঁড়াতে পারেনি পাকিস্তান। ওয়ানডেতে প্রত্যাবর্তন ম্যাচে ২৮ রানে ৩ উইকেট নিয়েও তাই হারের তিক্ত স্বাদ পেতে হলো মোহাম্মদ আমিরকে। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৮০/৬ (নিকোলস ৮২, স্যান্টনার ৪৮, হেনরি ৪৮*, ম্যাকলেনাহান ৩১; আমির ৩/২৮, আনোয়ার ৩/৬৬, ইরফান ২/৪৩)।
পাকিস্তান: ৪৬ ওভারে ২১০ (আজম ৬২, হাফিজ ৪২, সরফরাজ ৩০; বোল্ট ৪/৪০, এলিয়ট ৩/৪৩)।
ফল: নিউজিল্যান্ড ৭০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ম্যাট নিকোলস।