কিউই 'রাজা'র অভিষেক
রাজার অধিষ্ঠান হলো সিংহাসনে। ব্রেন্ডন ম্যাককালামের ‘রাজা’ কেন উইলিয়ামসন রাজ্যপাট বসালেন আইসিসির টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে। ব্যাট হাতে রাজকীয় এক বছর কাটানোর পুরস্কারটা বছর শেষে পেয়ে ইতিহাসও গড়লেন কিউই ব্যাটসম্যান। ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের র্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম এক নম্বরে নিউজিল্যান্ডে কোনো ব্যাটসম্যানের নাম।
পুরোনো তথ্য-উপাত্ত, পরিসংখ্যান ও ম্যাচ ঘেঁটে বের করা ঐতিহাসিক র্যাঙ্কিং হিসাব করলে অবশ্য দ্বিতীয় কিউই ব্যাটসম্যান উইলিয়ামসন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সালের মধ্যে ৪২৫ দিন ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন গ্লেন টার্নার। এর আগে বা পড়ে নিউজিল্যান্ডের অন্য কোনো ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের দুইয়েও উঠতে পারেননি।
উইলিয়ামসন বছরটা শুরু করেছিলেন র্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থেকে। হ্যামিল্টনে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরিটি করেই সেই উইলিয়ামসন উঠে গেলেন সবার ওপরে। বছরের শুরুটাই অবশ্য হয়েছিল উইলিয়ামসনের আবাহন দিয়ে। ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে ৬৯ ও অপরাজিত ২৪২ রান করেছিলেন ২৪ বছর বয়সী এই ডানহাতি। আগস্টে পঁচিশে পা দেওয়ার আগে আরেকটি সেঞ্চুরি পাওয়া উইলিয়ামসন এরপর যোগ করেছেন আরও তিনটি সেঞ্চুরি। এর মধ্যেই ম্যাককালামের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে পেয়ে গেছেন হাজার রান। কাল তো পেছনেই ফেলে দিলেন অধিনায়ককে। এ বছর ১৬ ইনিংসে ১১৭২ রান উইলিয়ামসনের। গত বছর ম্যাককালাম ১৬ ইনিংসেই করেছিলেন ১১৬৪। তবে ব্যাটিং গড়ে অধিনায়কের চেয়ে অনেকটাই এগিয়ে উইলিয়ামসন। ২০১৪ সালে ম্যাককালামের গড় ছিল ৭২.৭২। এবার উইলিয়ামসনের গড় ৯০.১৫, সংখ্যাটা এ বছর কমপক্ষে ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যেও সর্বোচ্চ। ৭৬.৮৩ গড়ে ৯২২ রান করে দুইয়ে অস্ট্রেলিয়ান অ্যাডাম ভোজেস।
মাইলফলকের পর মাইলফলক ছুঁয়েছেন। উঠে গেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। উইলিয়ামসনের কণ্ঠেও তাই সন্তুষ্টির সুর, ‘সবচেয়ে তৃপ্তিদায়ক হচ্ছে প্রতি ম্যাচেই দলকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা। আমি স্রেফ এটুকু করার চেষ্টাই করি।’
বছরের শেষ টেস্ট খেলে ফেলেছে নিউজিল্যান্ড। তবে ক্যালেন্ডারের পাতা ২০১৬ সালে পা দেওয়ার আগেই আরও তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। এ বছর তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে ২৬৩৩ রান করা উইলিয়ামসন কি পারবেন কুমার সাঙ্গাকারার (২৮৬৮ রান) রেকর্ড ভাঙতে? তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি, এএফপি, ক্রিকইনফো।
২০১৫ সালে কেন উইলিয়ামসন
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
টেস্ট ৮ ১৬ ১১৭২ ২৪২* ৯০.১৫ ৫/৪
ওয়ানডে ২৬ ২৫ ১৩১৭ ১১৮ ৫৭.২৬ ৩/৮
টি-টোয়েন্টি ৪ ৪ ১৪৪ ৫৭ ৩৬.০০ ০/১
১ম
১৯৮৭ সালে র্যা ঙ্কিং চালু হওয়ার পর নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠলেন উইলিয়ামসন