কিউইদের অপেক্ষায় ওয়াকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাবায় নাকাল হওয়া কিউইরা কি ওয়াকায় গিয়ে ঘুরে দাঁড়াতে পারবে? ব্রেন্ডন ম্যাককালামের দাবি, সেটা করার মতো মনের জোর তো আছেই, সেই সামর্থ্যও তাদের আছে। কিন্তু আজ পার্থের ওয়াকায় দ্বিতীয় টেস্টের আগে একটা অনুপ্রেরণা খুব করেই দরকার নিউজিল্যান্ড অধিনায়কের।
কিউই অধিনায়ক একটা ভিডিও থেকে হয়তো একটু অনুপ্রাণিত হতে পারেন। ১৪ বছর আগে ওয়াকার দুই দলের সর্বশেষ দ্বৈরথের ভিডিওটা ইউটিউবে আছে। চার দিন দাপটের সঙ্গে খেলে স্টিভেন ফ্লেমিংয়ের দল দিগন্তে জয়ই দেখছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে অলআউট করতে না পারার আক্ষেপটা ফ্লেমিংদের থেকেই গেছে। অস্ট্রেলিয়াও চতুর্থ ইনিংসে বিশ্ব রেকর্ড তাড়া করে চলে গিয়েছিল অসাধ্য সাধনের কাছাকাছি।
সেই রোমাঞ্চ এই টেস্টে ফিরে আসবে কি না বলা কঠিন। কিন্তু ম্যাককালামকে আলিঙ্গন করছে শুধু খারাপ খবর। চোট গ্যাবায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করতে দেয়নি টিম সাউদিকে। আজ খেলতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত তাঁর ওপরই ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। জিমি নিশামের বাকি সিরিজটা শেষ হয়ে গেছে পিঠের চোটে। এই দুজনের বদলে আজ দেখা যেতে পারে ম্যাট হেনরি-মিচেল ম্যাকলেনাহান-নিল ওয়াগনারদের যেকোনো দুজনকে। ম্যাককালামও ওয়াকার বাউন্সি উইকেটে চার পেসার ও এক স্পিনার খেলানোরই ইঙ্গিত দিয়েছেন।
স্টিভেন স্মিথকে এত কিছু ভাবতে হচ্ছে না। প্রথম টেস্টের আগে সিডল-হ্যাজলউডকে নিয়ে যে দ্বিধা ছিল, সেটাও এখন আর নেই অস্ট্রেলিয়ার অধিনায়কের। এক দিন আগেই তাই গ্যাবার দলটাই অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। তবে এর পর অ্যাডিলেডের দিবারাত্রির ঐতিহাসিক শেষ টেস্টে হ্যাজলউডকে বিশ্রাম দিতে পারেন স্মিথ।
টেস্টে দূরে থাক, এই কিউই দলটির ওয়াকায় ওয়ানডে খেলারই অভিজ্ঞতা আছে মাত্র তিনজনের। স্মিথের দৃষ্টিতে এটি বাড়তি ‘সুবিধা’, ‘ওদের অনেকেই এখানে খেলতে পারেনি শুনে ভালোই লাগছে। আর এখানে আমাদের খেলার অনেক অভিজ্ঞতা। গ্রাউন্ডসম্যান বলছেন এখানে অনেক পেস ও বাউন্স আছে, সেটা দারুণ হবে।’
ও হ্যাঁ, ম্যাককালামকে একটা ‘আশার বাণী’ শুনিয়েছেন ‘শত্রুশিবিরে’র একজন। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালান বোর্ডার বলছেন, এই সময়ের সেরা ব্যাটসম্যান নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। গ্যাবায় কিউইদের দিক থেকে যা একটু প্রতিরোধ উইলিয়ামসনের ব্যাট থেকেই এসেছিল, দুই ইনিংসে করেছেন ১৪০ ও ৫৯। বোর্ডারের প্রশংসা একটু বাড়তি প্রেরণাই দেবে উইলিয়ামসনকে! ক্রিকইনফো, এএফপি।