আবুধাবিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্টে ৩০৯ রানের লিড পেয়েও প্রতিপক্ষকে ফলোঅন করায়নি পাকিস্তান। নিজেরাই ব্যাট করে দ্বিতীয় ইনিংসে ৬০৩ রানের পাহড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। টেস্টটা হেরেছিল মাইকেল ক্লার্কের দল।
ওই একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও কাল একই কৌশল বেছে নিলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। দিনের শেষ সেশনে নিউজিল্যান্ডের শেষ উইকেটটা যখন পড়ল, পাকিস্তান এগিয়ে ৩০৪ রানে। কিন্তু ফলোঅন না করিয়ে আবারও নিজেরাই ব্যাট করতে নামল পাকিস্তান। দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে লিড ৩১৫ রান। চতুর্থ ইনিংসে তাই বিশাল রানই তাড়া করতে হবে নিউজিল্যান্ডকে।
রাহাল আলী আর জুলফিকার বাবরের তোপে দিশেহারা নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন ওপেনার টম ল্যাথাম। বাবা রড ল্যাথামেরও টেস্ট সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের হয়ে। কাল তাঁর ছেলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে নাম লেখালেন ইতিহাসে। রিচার্ড ও ওয়াল্টার হ্যাডলি, হামিশ ও কেন রাদারফোর্ডের পর নিউজিল্যান্ডের হয়ে টেস্ট সেঞ্চুরি করা তৃতীয় পিতা-পুত্র ল্যাথামরা। ২২ বছর ২২১ দিন বয়সে সেঞ্চুরি করেছেন টম ল্যাথাম, ব্রুস এডগার ও গ্লেন টার্নারের পর নিউজিল্যান্ডের তৃতীয় সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান তিনি, গত ৩৫ বছরে সর্বকনিষ্ঠ। টেন ক্রিকেট, ক্রিকইনফো।
কিন্তু তাঁর এত কীর্তির পরেও আবুধাবি টেস্টে খুব একটা আশার আলো দেখছে না নিউজিল্যান্ড। আগের দুদিন পাকিস্তানি ব্যাটসম্যানদের আউট করা কঠিন হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড বোলারদের জন্য। কাল পাকিস্তানি বোলাররা বল হাতে নেওয়ার পর দেখা গেল উল্টো ছবি। ল্যাথাম ছাড়া অন্য কোনো কিউই ব্যাটসম্যান এমনকি হাফ সেঞ্চুরিও করতে পারেননি।