
রান তাড়া করা প্রায় অসম্ভব ছিল। সেই ভাবনাটাও তাই হয়তো দূরে সরিয়ে রেখেছিল শ্রীলঙ্কা। ড্র করে টেস্ট বাঁচানোটাই বরং বড় চ্যালেঞ্জ ছিল তাদের জন্য। কিন্তু শেষ পর্যন্ত সেটাও পারেনি অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শেষ দিন চা-বিরতির আগেই গুটিয়ে গেছে ১৯৬ রানে। প্রথম ইনিংসে ১৩৫ রানে পিছিয়ে পড়েও নিউজিল্যান্ড টেস্ট জিতেছে ১৯৩ রানে। ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজও।
টেস্ট ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার প্রথম ইনিংসে ১০০-এর বেশি রানে পিছিয়ে থাকার পরও ম্যাচ জিতল নিউজিল্যান্ড। এর আগে ১৯৯৪ সালে ক্রাইস্টচার্চের ল্যাংকাস্টার পার্কে সেলিম মালিকের পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৪ রান পিছিয়ে থেকেও টেস্ট জিতেছিল কেন রাদারফোর্ডের নিউজিল্যান্ড। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এটা নিউজিল্যান্ডের ১২তম জয়। এর চেয়ে বেশিবার নিউজিল্যান্ড হারিয়েছে শুধু ওয়েস্ট ইন্ডিজকে।
অথচ তৃতীয় দিন পর্যন্ত ওয়েলিংটনে টেস্টের নিয়ন্ত্রণ ছিল শ্রীলঙ্কার হাতেই। এমনকি শেষ দিনে শ্রীলঙ্কার বাকি ৯ উইকেট তুলে নেওয়া খুব একটা সহজ ছিল না নিউজিল্যান্ডের জন্যও। ক্রাইস্টচার্চে আগের টেস্টেই দ্বিতীয় ইনিংসে কুমার সাঙ্গাকারাকে অল্প রানে হারানোর পরও প্রায় ১১ ঘণ্টা ব্যাট করেছে শ্রীলঙ্কা। বেসিন রিজার্ভের উইকেট হ্যাগলি ওভালের চেয়ে বেশি ব্যাটিং-বান্ধব প্রমাণিত হয়েছে গত কয়েক দিনেই। প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন সাঙ্গাকারাও। কিন্তু কাল প্রথম সেশনেই সাঙ্গাকারা আর ম্যাথুস ফিরে যান। দুই অঙ্কে পৌঁছাতে পারেননি দুজনের কেউই। ম্যাচটাও শ্রীলঙ্কার হাত থেকে বেরিয়ে যায় তখনই।
লাঞ্চের আগেই শ্রীলঙ্কার বড় আস্থা এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে ধাক্কাটা দেন ট্রেন্ট বোল্ট ও ডগ ব্রেসওয়েল। সাঙ্গাকারার আউটটাকে অবশ্য একটু বিতর্কিতই বলতে হবে। বোল্টের বলে কট বিহাইন্ডের আবেদন হয়েছিল। মাঠের আম্পায়ার সে আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আর তাতেই আউট দেওয়া হয় সাঙ্গাকারাকে। যদিও বল তাঁর ব্যাটের কানায় লেগেছিল কি না সেটা রিপ্লে দেখে পরিষ্কার বোঝা যায়নি। শেষদিকে ৪ উইকেট নিয়ে বাকি আনুষ্ঠানিকতাটুকু সেরেছেন কিউই অফ স্পিনার মার্ক ক্রেগ। কুশল সিলভা ও লাহিরু থিরিমান্নের দুটি ফিফটি নিউজিল্যান্ডের অপেক্ষাটা শুধু একটু বাড়িয়েছে। দুর্দান্ত ডাবল সেঞ্চুরির জন্য টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা হয়েছেন উইলিয়ামসন। ক্রিকইনফো।
স্কোরকার্ড
নিউজিল্যান্ড: ২২১ ও ৫২৪/৫ ডি.
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৫৬ ও
২য় ইনিংস: (লক্ষ্য ৩৯০ রান)
(চতুর্থ দিন শেষে, ৪৫/১; সিলভা ২০*, প্রসাদ ১*)
রান বল ৪ ৬
সিলভা ক ক্রেগ ব ব্রেসওয়েল ৫০ ১২১ ৩ ০
প্রসাদ ক নিশাম ব বোল্ট ৬ ২৭ ১ ০
সাঙ্গাকারা ক ওয়াটলিং ব বোল্ট ৫ ১৮ ১ ০
থিরিমান্নে অপরাজিত ৬২ ১৪৪ ৭ ০
ম্যাথুস ক উইলিয়ামসন ব ব্রেসওয়েল ৮ ১১ ২ ০
জয়াবর্ধনে ক উইলিয়ামসন ব ক্রেগ ১০ ৩৭ ২ ০
চান্ডিমাল ক ওয়াটলিং ব ক্রেগ ১৩ ২৭ ২ ০
হেরাথ এলবিডব্লু ব ক্রেগ ০ ১ ০ ০
লাকমল রান আউট ৬ ১৫ ১ ০
প্রদীপ ব সাউদি ১ ২ ০ ০
অতিরিক্ত (বা ৮, লেবা ৬, ও ৩, নো ১) ১৮
মোট (৭২.৪ ওভারে অলআউট) ১৯৬
উইকেট পতন: ১-৪২, ২-৫১, ৩-৬১, ৪-৯৪, ৫-১১০, ৬-১৩৩, ৭-১৫৬, ৮-১৫৬, ৯-১৮৯।
বোলিং: বোল্ট ২১-২-৫৫-২ (ও ১), সাউদি ১৭.৪-৬-৪১-১, ব্রেসওয়েল ১৩-৩-২৫-২ (নো ১, ও ২), ক্রেগ ১৮-৮-৫৩-৪, রাদারফোর্ড ১-০-২-০, উইলিয়ামসন ২-০-৬-০।
ফল: নিউজিল্যান্ড ১৯৩ রানে জয়ী।
সিরিজ: ২-ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কেন উইলিয়ামসন।