কিউইদের জন্য প্রস্তুত ফিঞ্চ-হাডিন
তাসমান সমুদ্রের দুই পাড়ের দুই দেশ এবার বিশ্বকাপের যৌথ আয়োজক। ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী না হলেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের একটা বাড়তি রোমাঞ্চ থাকেই। অথচ দুই দলের শেষ ওয়ানডেটা হয়েছিল গত বিশ্বকাপে, নাগপুরে। মাঝে চ্যাম্পিয়নস ট্রফিতে বার্মিংহামের ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
দুই প্রতিবেশী মুখোমুখি হচ্ছে আবার। বিশ্বকাপে নিউজিল্যান্ড এরই মধ্যে খেলে ফেলেছে তিনটি ম্যাচ। আর অস্ট্রেলিয়া নামবে দ্বিতীয়বারের মতো। উদ্বোধনী দিনে ইংল্যান্ড ম্যাচটির পর বৃষ্টি বাগড়া দেওয়ায় বাংলাদেশের বিপক্ষে মাঠেই নামতে পারেনি অস্ট্রেলিয়া। দুই সপ্তাহের ব্যবধানে কি একটু মরচে পড়েছে অস্ট্রেলিয়ার ধারালো ক্রিকেটে? ফর্মে থাকা ওপেনার অ্যারন ফিঞ্চ তেমন মনে করছেন না, ‘ইংল্যান্ডের সঙ্গে আমরা ভালো খেলেছি। সত্যি বলতে কী, আমাদের কোনো সমস্যাই নেই। সপ্তাহজুড়েই আমাদের অনুশীলন হয়েছে। শনিবার আমাদের খেলা হয়নি, তবে সেদিনও কঠিন অনুশীলন করেছি। মাঠে নামার জন্য আমরা প্রস্তুত।’
৪২টি ওয়ানডে খেললেও কিউইদের বিপক্ষে এখনো মাঠে নামা হয়নি ফিঞ্চের। তবে তাদের বোলিং আক্রমণকে সমীহ করেন এই বিস্ফোরক ব্যাটসম্যান, ‘ইনিংসের শুরুতে সাউদি ও বোল্টের বোলিং অসাধারণ। শুরুতে তারা বল ভালোই সুইং করায়।’ তবে অকল্যান্ডে পরের ম্যাচে কিউইদের সামলাতে নিজেরা প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন তিনি, ‘ডেভিড ওয়ার্নার ও আমাকেই নতুন বলের আক্রমণ নিষ্ক্রিয় করতে হবে। নিজেদের মাটিতে খেলা বলে চাপটা থাকবে ওদের (নিউজিল্যান্ড) ওপরই। তবে চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত।’
অস্ট্রেলিয়া উইকেটকিপার ব্র্যাড হাডিন কিন্তু এই লম্বা বিরতিকে দেখছেন শাপেবর, ‘(বাংলাদেশের বিপক্ষে ম্যাচ) খেলতে পারলে ভালোই লাগত। তবে লম্বা একটা মৌসুমের পর এক দিনের বিরতিতে কোনো ক্ষতি হবে না। আর আমাদের ফাস্ট বোলাররা ফুরফুরে থাকলে বরং বেশি ভালো বোলিং করে।’
অকল্যান্ডের ইডেন পার্কের মাঠটা ছোট। এর ৫৫ মিটার সীমানার মধ্যে কি উঠবে ফিঞ্চ-ওয়ার্নার-ঝড়? নাকি সাউদি-বোল্ট আগুন ঝরাবেন আবার! এটি জানতে অপেক্ষা এখন শনিবার পর্যন্ত। এএফপি।