
শ্রীলঙ্কা কখনো চতুর্থ ইনিংসে ৩৫২ রানের বেশি তাড়া করে জেতেনি। নিউজিল্যান্ডেও কেউ পারেনি ৩৪৮ রানের বেশি তাড়া করে টেস্ট জিততে। এই ইতিহাসটা বোধ হয় জানা ব্রেন্ডন ম্যাককালামের। কিউই অধিনায়ক একটি ইতিহাস গড়ে সেটির উদ্যাপন করলেন ইনিংস ঘোষণা করে। জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ৪০৫ রান।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৬৬তম ওভারের চতুর্থ বলটা একটু খাটো লেংথে দিয়েছিলেন রঙ্গনা হেরাথ। ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মেরেই পাওনাটা মেটালেন ম্যাককালাম। কিউই ব্যাটসম্যানের শততম ছক্কা! টেস্ট ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কার সেঞ্চুরি করলেন। ছক্কার প্রথম সেঞ্চুরিয়ান অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট।
রেকর্ড ছোঁয়া ছক্কার আগে মুখোমুখি হওয়া প্রথম বলেও ছয় মেরেছিলেন ৬ বলেই ১৭ রান করা ম্যাককালাম। ২৬৭ রানে ইনিংস ঘোষণার সময় অন্য পাশে ১০৯ রানে অপরাজিত ছিলেন টম ল্যাথাম। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া ল্যাথাম দ্বিতীয় উইকেটে ১৪১ রানের জুটি গড়েছেন কেন উইলিয়ামসনের সঙ্গে।
৪০৫ রানের লক্ষ্য সামনে নিয়ে ৩ উইকেটে ১০৯ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। শেষ দিনে ম্যাচ জিততে তাদের করতে হবে আরও ২৯৬ রান, নিউজিল্যান্ডের দরকার ৭ উইকেট। কিন্তু দুই দলকেই চোখ রাঙাছে আবহাওয়া। কাল বৃষ্টিতে তিনবার বন্ধ হয়েছে খেলা, সময় নষ্ট হয়েছে ঘণ্টা খানেক। বৃষ্টির পূর্বাভাস আছে আজও।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানই আউট হয়েছেন উইকেটকিপার বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে। প্রথম ইনিংসে ৬, এবার ৩। টেস্টে দ্বিতীয়বারের মতো ৯ ক্যাচ নেওয়া ওয়াটলিংকে হাতছানি দিচ্ছে ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্ব রেকর্ড। ম্যাচে আর তিনটি ক্যাচ নিলেই ওয়াটলিং ছাড়িয়ে যাবেন জ্যাক রাসেল ও এবি ডি ভিলিয়ার্সকে। দুজনই ম্যাচে ১১টি ডিসমিসাল করেছেন, ১১টিই ক্যাচ। এএফপি।