কিউইদের পথ দেখাচ্ছেন ল্যাথাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাই টেস্টেও টম ল্যাথামের সেঞ্চুরি l এএফপি
দুবাই টেস্টেও টম ল্যাথামের সেঞ্চুরি l এএফপি

আবুধাবিতে ঠিক আগের টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। কিন্তু টম ল্যাথামের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা বৃথা গেছে দল নিউজিল্যান্ড বড় ব্যবধানে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায়। এবারের সেঞ্চুরিটা কি কাজে লাগবে? উত্তরটা জানা যাবে পরে। তবে দুবাই টেস্টের প্রথম দিনেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়ানোর একটা আভাস দিয়েছেন। ল্যাথাম সেঞ্চুরি করে অপরাজিত তো আছেনই, সতর্কতার সঙ্গে ব্যাট করছেন অন্যরাও। সুবাদে আলোকস্বল্পতার কারণে তিন ওভার আগে দিনের খেলার সমাপ্তির সময় নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ২৪৩। ১৩৭ রানে অপরাজিত ল্যাথামকে হাতছানি দিচ্ছে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও।
সেটা পেলেন কিনা তা আজই জানা যাবে। তবে এরই মধ্যে রেকর্ড বইয়ের বেশ কয়েকটা জায়গায় লেখা হয়ে গেছে রড ল্যাথাম-পুত্রের নাম। গতকাল সেঞ্চুরির দিন তাঁর বয়স ছিল ২২ বছর ২২৯ দিন। এশিয়ার মাঠে দুটি টেস্ট সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ‘নন-এশিয়ান’ ওপেনার তিনি। নিউজিল্যান্ড ওপেনারদের মধ্যে তাঁর আগে এশিয়ায় দুটি সেঞ্চুরি করেছেন শুধু বার্ট সাটক্লিফ ও গ্লেন টার্নার। গত দুই যুগে কোনো নিউজিল্যান্ড ওপেনার টানা দুই টেস্টে সেঞ্চুরি করতে পারেননি। সর্বশেষ এই কীর্তিটা ছিল জন রাইটের। ১৯৯০-এর ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ক্রাইস্টচার্চ ও নেপিয়ারে পরপর দুই টেস্টে সেঞ্চুরি করেছিলেন রাইট।
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে উদ্বোধনী জুটিতেই ৭৭ রান তুলেছেন ল্যাথাম, যেটি এ বছর ওপেনিংয়ে নিউজিল্যান্ডের সর্বোচ্চ। ২ ছক্কা আর ৪ চারে ৬৯ বলে ৪৩ রান করে ম্যাককালাম বিদায় নিলেও সেটিকে বড় ধাক্কা হয়ে উঠতে দেননি ল্যাথাম। দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েছেন, পরে রস টেলরের সঙ্গে ৭৩ রানের। অবশ্য এর মধ্যে দিনের সপ্তম ওভারে তাঁর বিপক্ষে একটা এলবিডব্লুর আবেদন হয়েছিল পেসার এহসান আদিলের বলে। মাঠের আম্পায়ার সেই আবেদনে সাড়া না দেওয়ায় রিভিউ নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। লাভ হয়নি তাতেও। টেন ক্রিকেট, ক্রিকইনফো।