কিউইদের পিঠ চাপড়ে দিতেই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
bongos
bongos

For more cricket videos go to www.bongocricket.com.

নিউজিল্যান্ড নিশ্চয়ই স্বস্তির নিশ্বাস ফেলছে। এত ছোট একটা স্কোর গড়েও ম্যাচ জিতে গেল, তা-ও স্পিনের ওপর নির্ভর করে! ক্রিকেটের ছোট সংস্করণটি কেন এমন অননুমেয়, এই ম্যাচটাই তার প্রমাণ।
নিউজিল্যান্ড শুরুতে হোঁচট খেয়েছিল, কিন্তু সেখান থেকে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে! কিউইদের পিঠ চাপড়ে দিতেই হচ্ছে। নাগপুরে যে আক্রমণাত্মক ক্রিকেট তারা খেলল, তাতে এই দলটিকে নিয়ে আরও আশাবাদী হওয়াই যায়। পরাজয়টা ভারতকেও একটু অস্বস্তিতে ফেলে দিচ্ছে।
উইকেটটা টি-টোয়েন্টির ম্যাচের জন্য মোটেও ভালো ছিল না। বল থেমে থেমে আসছিল, ঘুরছিলও বেশ। ব্যাটসম্যানদের টেকনিকের পরীক্ষা দিতে হয়েছে। এমন উইকেটে স্ট্রোক খেলার আগে বলের লেংথ, গতির পরিবর্তনটা আগেভাগে ধরতে হয়। ব্যাটসম্যান ক্রিজে এসেই বেধড়ক পেটানো শুরু করবে, এটা ওরকম উইকেটই ছিল না। এখানে চ্যালেঞ্জ ছিল, যার সঙ্গে ব্যাটসম্যানরা মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে। বিশেষত ভারতীয় ব্যাটসম্যানরা।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শট খেলার প্রবণতা বেশি ছিল। প্রায় সব ব্যাটসম্যানই অপ্রয়োজনীয় শট খেলেছে, যার পুরো সুবিধাটা তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
উইকেট নিয়ে অনেক কথা হবে, হওয়া উচিতও। আবার একই সঙ্গে এটাও সত্যি, উইকেট তো দুই দলের জন্য একই ছিল। কারা ভালো খেলেছে, সেটি না বললেও চলছে। আরও একবার দেখলাম, স্পিনারদের সামনে ভারতীয়রা কতটা নড়বড়ে! আরও একবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়টা অধরাই থেকে গেল।
এ পর্যায়ের ক্রিকেটে যে পেশাদারি মনোভাব থাকা দরকার, নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে সেটি দেখাতে পারেনি। তবে ভালো দিকটা হচ্ছে, ওরা পিচটা ভালো বুঝতে পেরেছে। আর বাজিতে জেতার মতো ভালো ঘোড়াগুলোকেই বেছে নিয়েছে। প্রতিটি বিভাগেই ভারতের সামর্থ্য সম্পর্কে বেশ ভালোই ধারণা ছিল কিউইদের। সে কারণেই তাদের একাদশ নির্বাচনটা ভালো ছিল। ভারতের ভুল ছিল বাড়তি একজন স্পিনার না নেওয়া। নিউজিল্যান্ড সেই ভুল করেনি। স্পিনারদের অসাধারণ বোলিংয়ের সুবাদেই জয়টা তুলে নিয়েছে। মিচেল স্যান্টনার, ইশ সোধি ও নাথান ম্যাককালাম—তিনজন মিলেই তো ভারতের প্রথম নয় উইকেট তুলে নিয়েছে।
ছোট লক্ষ্য তাড়া করা সব সময়ই কঠিন। নাগপুরে বেশ চড়া মূল্য দিয়েই ভারত সেটা শিখেছে। নিজেদের প্রথম ম্যাচে অনেক কিছুই স্বাগতিকদের পক্ষে যায়নি, তবে সামগ্রিকভাবে টুর্নামেন্টের মূল পর্বের শুরুটা কিন্তু দুর্দান্ত হলো। (পিচ সল্যুশন আর)