খুব বেশি দিন আগের কথা নয়, দুই বছর আগে ইংল্যান্ডে এসে ধবলধোলাইয়ের লজ্জা নিয়ে ফিরে যেতে হয়েছিল নিউজিল্যান্ডকে। পরশু হেডিংলিতে ১৯৯ রানের জয়ে সিরিজ ড্র করে সেই বদলাটা নিতে পারল না বটে, কিন্তু ব্রেন্ডন ম্যাককালামের দল কেন র্যাঙ্কিংয়ের তিনে, সেটাই যেন দেখিয়ে দিল। ইংল্যান্ডের সঙ্গে ওই সিরিজের পর আর কোনো সিরিজেই হারেনি নিউজিল্যান্ড। তবে হেডিংলি টেস্ট জয়টা অনেক দিক দিয়েই বিশেষ কিছু।
সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড টেস্ট জিতেছে ১৯৯৯ সালে। সব মিলিয়ে ইংল্যান্ডে মাত্র পাঁচটি টেস্ট জিতেছে নিউজিল্যান্ড, একাধিক টেস্ট জিতেছে শুধু হেডিংলিতেই। যার প্রথমটি ৩২ বছর আগে। শরীরী ভাষায় আর আগ্রাসনে এই নিউজিল্যান্ড যে অনেকটাই বদলে গেছে, সেটির অনেকটা কৃতিত্ব দিতে হবে ম্যাককালামকেই। রাগবির দেশে ক্রিকেট-বিপ্লবের বাতাস কি লাগতে শুরু করেছে? ম্যাককালাম অবশ্য এখনই সে রকম সম্ভাবনা দেখছেন না, ‘রাগবির ধারেকাছেও আমরা যেতে পারব না, এই খেলাটা আমাদের রক্তে।’
ক্রিকেটের ইতিহাস পুরোনো হলেও অর্জনে, জনপ্রিয়তায় রাগবি অনেকটাই এগিয়ে। ‘অল ব্ল্যাকস’ দল এখন বিশ্ব চ্যাম্পিয়ন, আন্তর্জাতিক ম্যাচে ৭৬ শতাংশ জয়ের দুর্দান্ত রেকর্ড তাদের। ২০১২ সালের পর থেকে সাফল্যের হার আরও বিস্ময়কর, ৯০ শতাংশ। সেই তুলনায় ক্রিকেটে এখনো কোনো বিশ্বকাপ জেতেনি, পরশুর জয়টা ছিল ১০১ টেস্টে ইংল্যান্ডের সঙ্গে মাত্র নবম।
ম্যাককালাম নিজের আশার লাগামটা তাই একটু টেনেই ধরছেন, ‘জন্মানোর পর থেকেই আমরা অল ব্ল্যাকস হওয়ার চেষ্টা করি। এটাই আমাদের ধরন। তবে বিশ্বকাপে ক্রিকেট দেশকে ভালো একটা নাড়া দিতে পেরেছিল। এ রকম খেললে সেটা বাড়বে ছাড়া কমবে না। যদি আমাদের দেখে গুটিকয়েক প্রতিভাও ক্রিকেটকে বেছে নেয়, সেটাই আমাদের জন্য হবে বড় প্রাপ্তি।’
দুই টেস্টেই আক্রমণাত্মক ক্রিকেটের দুর্দান্ত বিজ্ঞাপন হয়ে থেকেছে নিউজিল্যান্ডের ব্যাটিং-বোলিং। এই ব্যাপারটাই অন্য রকম একটা তৃপ্তি দিচ্ছে ম্যাককালামকে, ‘আমরা আসলে এভাবেই খেলতে চাই। চাপে থেকেও নিজেদের স্বাতন্ত্র্য ধরে রাখা কঠিন। আমি আগেই বলেছি এটা আমাদের অর্জন করে নিতে হয়েছে, এই টেস্টে আমরা সেটাই করে যেতে পেরেছি।’ এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৩৫০ ও ৪৫৪/৮ ডি.।
ইংল্যান্ড: ৩৫০ ও ২৫৫ (বাটলার ৭৩, কুক ৫৬, স্টোকস ২৯, লিথ ২৪, ব্রড ২৩; উইলিয়ামসন ৩/১৫, ক্রেগ ৩/৭৩, বোল্ট ২/৬১)।
ফল: নিউজিল্যান্ড ১৯৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বিজে ওয়াটলিং।
ম্যান অব দ্য সিরিজ: ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ও অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)।