কিউইদের বিপক্ষে শ্রীলঙ্কার লজ্জার ইনিংস

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুই দিনে দুই চিত্র। প্রথম দিন ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ে বোঝাই যাচ্ছিল না—এটা টেস্ট নাকি টি-টোয়েন্টি! দ্বিতীয় দিনে ঠিক উল্টো—বোলারদের বিরাট দাপট। সারা দিনে পড়ল ১৩ উইকেট। ক্ষতি হয়েছে শ্রীলঙ্কারই বেশি। কিউই বোলারদের তোপে লঙ্কানরা প্রথম ইনিংসে অলআউট ১৩৮ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার এটি তৃতীয় সর্বনিম্ন রান।
ফলোঅনে পড়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে ৮৪ রান। এখনো পিছিয়ে ২১৯ রানে। দিমুথ করুনারত্নে অপরাজিত ৪৯ ও কুশল সিলভা ৩৩ রানে।
কিউইদের বিপক্ষে শ্রীলঙ্কা এমন বিপর্যয়ে আগে যে পড়েনি, তা নয়। ১৯৮৩ সালে ওয়েলিংটন টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ৯৩ রানে। এটিই নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে লঙ্কানদের সর্বনিম্ন রান। পরের বছর ক্যান্ডি টেস্টে চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ৯৭ রানে। কিন্তু কিউইদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে এমন বিপর্যয়—শ্রীলঙ্কার এটাই প্রথম।
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বাদে কোনো ব্যাটসম্যানই নামের সুবিচার করতে পারেননি। সবুজ উইকেটে কিউই বোলারদের দাপটে শীতের ঝরা পাতার মতো ঝরে গেল একের পর এক উইকেট! ১৫ রানে ‘নেই’ হয়ে গেল ৩ উইকেট! লাহিরু থিরিমান্নে-ম্যাথুসের চতুর্থ উইকেটে যা একটু প্রতিরোধ। এ জুটি তুলল ৪৩ রান। এরপর ৩ উইকেটে ৫৮ থেকে ৬ উইকেটে ৮৮ রান—৩০ রানে নেই ৩ উইকেট! আর শেষ ৫০ রানে বাকি চার উইকেট। চার কিউই পেসার—ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, জেমি নিশাম ও নেইল ওয়াগনার ভাগাভাগি করে নিলেন সবকটি উইকেট। বোল্ট-ওয়াগনারের সংগ্রহে ৩টি করে আর সাউদি-নিশাম দুটি করে। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন ম্যাথুস।
আগের দিনের ৭ উইকেটে ৪২৯ রানে ব্যাট করতে নেমে আজ অবশিষ্ট ৩ উইকেটে মাত্র ১২ রান যোগ করে ৪৪১ রানে অলআউট নিউজিল্যান্ড। তথ্যসূত্র: ক্রিকইনফো, এএফপি।