কিউইদের রুদ্ধশ্বাস জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক উত্থান-পতন আর নাটকীয়তার ম্যাচে শেষ শট—কেন উইলিয়ামসনের সেই ছক্কা। অকল্যান্ডের ইডেন পার্কে তাঁর এই ছক্কাই কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ উইকেটে জিতিয়েছে নিউজিল্যান্ডকে l এএফপি
অনেক উত্থান-পতন আর নাটকীয়তার ম্যাচে শেষ শট—কেন উইলিয়ামসনের সেই ছক্কা। অকল্যান্ডের ইডেন পার্কে তাঁর এই ছক্কাই কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ উইকেটে জিতিয়েছে নিউজিল্যান্ডকে l এএফপি

এই বিশ্বকাপ কি এর সেরা ম্যাচটা উপহার দিয়ে ফেলল অকল্যান্ডের ইডেন পার্কে?
দিন আর ম্যাচ, কোনো হিসাবেই এখনো টুর্নামেন্টের অর্ধেক পেরোয়নি। এখনই তাই এই প্রশ্নের জবাব দেওয়াটা একটু কঠিন। তবে দুই যৌথ স্বাগতিক মিলে কাল ইডেন পার্কে যে রুদ্ধশ্বাস লড়াই উপহার দিল, সেটি চলমান বিশ্বকাপের সেরা ম্যাচ বলে দেওয়া যায় নিশ্চিন্তে। ক্রিকেটের জন্য ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন, ভরা গ্যালারি, চার-ছক্কার বৃষ্টি, গতি আর সুইংয়ের প্রদর্শনী, ব্যাটিং ধস, নিয়ন্ত্রিত স্পিন বোলিং এবং সবশেষে বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলারকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ঠান্ডা মাথার ব্যাটসম্যানের মারা ছক্কায় সমাপ্তি। একটা ক্রিকেট ম্যাচ রোমাঞ্চের আর কি পসরা সাজাবে! প্যাট কামিন্সের বলটা তাঁরই মাথার ওপর দিয়ে উড়িয়ে গ্যালারিতে ফেললেন কেন উইলিয়ামসন, আর গ্যালারির নির্জীবতম কিউই সমর্থকটিও লাফিয়ে উঠলেন চূড়ান্ত উল্লাসে। অস্ট্রেলিয়াকে হারিয়ে শুধু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করাই নয়, একই সঙ্গে চ্যাপেল-হ্যাডলি ট্রফিটাও জিতল নিউজিল্যান্ড। হোক না জয়টা মাত্র ১ উইকেটের!
তবে ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা খানেক আগেও বোঝা যায়নি সেটি এত নাটকীয় হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার ১৫১ তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ৫০ আসে পঞ্চম ওভারে। ইডেন পার্কে তখন ম্যাককালাম-ঝড় বইছে। মিচেল জনসনের মতো বোলারও রীতিমতো অসহায় কিউই অধিনায়কের সামনে।
তখন মনে হচ্ছিল, অস্ট্রেলিয়ারও না ইংল্যান্ড-ভাগ্য বরণ করতে হয়। কিউই পেসারদের খুনে বোলিংয়ে ওয়েলিংটনে অল্প রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ডের বোলিংকে চূর্ণ করেছিলেন ম্যাককালাম। তবে অস্ট্রেলিয়া আরেকবার প্রমাণ করল হারার আগে হারতে তারা রাজি নয়। আসল নাটকটা তাই শুরু হয় ২৪ বলে ৫০ করে ম্যাককালাম ফিরে যাওয়ার পর। মিচেল স্টার্কের তোপের মুখে ১ উইকেটে ৭৮ রান থেকে ৯ উইকেটে ১৪৬ হয়ে গেল নিউজিল্যান্ড! শুরুতে মার্টিন গাপটিলকে ফেরানো স্টার্ক পরে একে একে তুলে নেন রস টেলর, গ্রান্ট এলিয়ট, লুক রনকি, অ্যাডাম মিলনে আর টিম সাউদিকে। এর মধ্যে নিজের চতুর্থ ওভারের পর পর দুই বলে ফেরান টেলর ও এলিয়টকে। দুর্দান্ত ইনসুইঙ্গারটির যেন জবাব ছিল না টেলরের। এলিয়ট বোল্ড হন দুরন্ত গতির এক সোজা বলে। স্টার্ককে হ্যাটট্রিক পেতে দেননি কোরি অ্যান্ডারসন। তবে এরপর আরও একবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান স্টার্ক নিজের নবম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে মিলনে ও সাউদিকে আউট করে। বোল্ট এসে সেই হ্যাটট্রিক না ঠেকালে ম্যাচই হেরে যায় নিউজিল্যান্ড। এরপর আর ঝুঁকি নেননি একপাশে অবিচল থাকা উইলিয়ামসন। পরের ওভারের প্রথম বলেই কামিন্সকে ছক্কা মেরে শেষ করে দেন ম্যাচটা।
ম্যাচের শুরুতে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ঝোড়ো শুরু দেখে বোঝা যায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর এবারের অন্যতম ফেবারিটদের এভাবে কাঁপিয়ে দেবেন কিউই পেসাররা। সাউদির করা প্রথম ওভারেই ১৫ রান নিয়ে শুরু অস্ট্রেলিয়ার। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি আগের ম্যাচেই ৭ উইকেট নেওয়া কিউই পেসার। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ফিঞ্চকে বোল্ড করে ‘ব্রেক থ্রু’ এনে দেন দলকে। দ্বিতীয় উইকেটে শেন ওয়াটসনের সঙ্গে ওয়ার্নারের ৫০ রানের জুটি ভাঙেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। ১ উইকেটে ৮০ রান পর্যন্ত যাওয়া অস্ট্রেলিয়ার বিপর্যয়ের শুরু ওয়াটসনের বিদায়ের মাধ্যমে। প্রথম ৫ ওভারে ২৪ রান দিয়ে কোনো উইকেট ছিল না ট্রেন্ট বোল্টের। কিন্তু পরের স্পেলে ফেরেন ভয়ংকর রূপে। দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শকে ফেরান, পরের ওভারে তুলে নেন চোট কাটিয়ে ফেরা অধিনায়ক মাইকেল ক্লার্ককেও। বোল্টের এর পরের ওভারে আবারও শর্ট কাভারে উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন জনসন, বোল্ড হয়ে ফিরেন স্টার্ক। সব মিলিয়ে দ্বিতীয় স্পেলে বোল্টের বোলিং পরিসংখ্যান ৫-৩-৩-৫! ১ উইকেটে ৮০ থেকে অস্ট্রেলিয়াও অলআউট মাত্র ১৫১ রানে! তাও ব্র্যাড হাডিনের সাহসী ৪৩ রান না থাকলে এত দূরও যাওয়া হয় না অস্ট্রেলিয়ার। ক্রিকইনফো, স্টার স্পোর্টস।